শারমিন সুলতানা শর্মি, তূর্য, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার, যুব মহিলা লীগের সাবেক নেত্রী, শাহাদাত হোসেন নিপুন, সন্ত্রাসবিরোধী আইনের মামলা
প্রতিবন্ধী সন্তান তূর্যের সাথে মা যুবলীগ নেত্রী শারমিন সুলতানা। সংগৃহীত
ads

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির (৪৪) প্রতিবন্ধী সন্তান তূর্য মারা গেছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তূর্যের লাশবাহী অ্যাম্বুলেন্স কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে লাশটি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হলে সেখানেই ছেলেকে শেষ বিদায় জানান বন্দি শারমিন সুলতানা শর্মি।

কারাবন্দি শারমিন সুলতানা শর্মি ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী। তিনি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন জানান, ‘গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা পুলিশ তাদের বাসায় অভিযান চালিয়ে তাকে (শর্মি) আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুইজনই জন্ম থেকে প্রতিবন্ধী। ছেলে তূর্য জন্মের পর থেকে মায়ের হাতে খাওয়া-দাওয়াসহ সবকিছু করত। শারমিন গ্রেফতার হওয়ার পর সে মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। তার সঠিক পরিচর্যা করার মতো কেউ ছিল না। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে তূর্য মারা যায়।

তিনি আরো বলেন, ‘স্ত্রীকে আটকের আগ পর্যন্ত তার নামে কোনো মামলা ছিল না। ষড়যন্ত্র করে তাকে আটক করার পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে।’

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো: নজরুল ইসলাম বলেন, ‘বন্দি শারমিন সুলতানার ছেলের লাশ বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে কারাগারে আনা হয়। সাথে পরিবারের স্বজনরাও ছিলেন। পরে নিয়ম অনুযায়ী লাশ দেখার সুযোগ দেয়া হয়।