মৌলভীবাজার, চা শ্রমিক, চা শ্রমিক ইউনিয়ন, নির্বাচন, পঞ্চায়েত, চা বাগানে নির্বাচন, ভোট, জীবনমান উন্নয়ন, চা বাগান, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, মৌলভীবাজার, ভোটকেন্দ্রে নিরাপত্তা, জেলা প্রশাসক
ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। নয়া দিগন্ত
ads

মৌলভীবাজারের চা বাগানগুলোতে সকাল থেকেই বিরাজ করছে উৎসবের আমেজ। সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দিচ্ছেন চা শ্রমিকরা। নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে ভোটকেন্দ্রগুলো। বেলা বাড়ার সাথে সাথে দীর্ঘ হচ্ছে ভোটারদের সারি।

শনিবার (২৮ নভেম্বর) চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত নেতৃত্ব নির্বাচন ঘিরে জেলার বিভিন্ন চা বাগানে এমন চিত্র দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায়, দৈনন্দিন সমস্যা সমাধান ও জীবনমানের উন্নয়নের প্রত্যাশা নিয়ে ভোট দিচ্ছেন শ্রমিকেরা।

নির্বাচনে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে মোট ৬০ হাজার ৪৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতে সর্বোচ্চ ১৮ হাজার ৮২২ জন, কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে আট হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে সাত হাজার ৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে পাঁচ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে তিন হাজার ৮১৭ জন ও মৌলভীবাজার সদর উপজেলায় তিনটি পঞ্চায়েতে এক হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।

নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট কেন্দ্রগুলো মুখর হয়ে ওঠে। সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে আসেন শ্রমিকরা। দীর্ঘদিনের প্রত্যাশা, অধিকার ও নিজেদের প্রতিনিধিত্বের প্রশ্নে এই ভোটকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অনেক শ্রমিক। ভোটকেন্দ্রে আসা শ্রমিকদের কাছে নির্বাচন যেন কেবল ব‍্যালটের মাধ্যমে একজন নেতা বেছে নেয়ার আয়োজন নয়; বরং নিজেদের কথা বলার দাবি-দাওয়া তুলে ধরার এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী হওয়ার একটি সুযোগ।

কথা হয় ভোটের লাইনে আসা গোপাল গোয়ালা বলেন, ‘বাগানের শান্তি শৃঙ্খলা রক্ষা, শ্রমিকের অধিকার আদায়ের জন‍্য ভোট দিচ্ছি।’

চা শ্রমিক জয়গুণ বলেন, ‘শ্রমিকদের লাঞ্চনা আর বঞ্চনার কথা বলার হাতকে শক্তিশালী করার ভোট দেব।’

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, সকাল থেকে জেলার চা বাগানগুলোতে ভোট প্রদান শুরু হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন‍্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে।