৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

Advertisement

মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সাকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে রাস্তায় নামে কয়েকশ’ পোশাক শ্রমিক। এসময় তারা রাস্তা অবরোধ করে বেতন বৃদ্ধির বিক্ষোভ শুরু করে। এতে এ এলাকার রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে  তীব্র যানজটের সৃষ্টি হয়।
পোষাক শ্রমিকরা বলেন, বর্তমান বাজারমূল্য হিসাবে তাদের বেতন খুবই কম। বর্তমানে তারা যে বেতন পাচ্ছেন তাতে জীবন চলানো সম্ভব হচ্ছে না। তাই ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন।
বিক্ষোভ চলাকালে পুলিশ তাদের রাস্তা থেকে সরে যেতে বারবার অনুরোধ করলেও প্রথমে তারা রাস্তা ছাড়তে চায়নি। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সাথে কথা বললে প্রায় দুই ঘণ্টা পর রাস্তা থেকে সরে যায় তারা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল। শুরু থেকেই তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করা হয়েছিল। পরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বেলা সাড়ে ১১টায় তারা  সড়ক থেকে সরে যায়।