
ফিলিস্তিনের গাজার যুদ্ধাহত ও অসুস্থ শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী।
বুধবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি এই মানবিক উদ্যোগের কথা জানান।
সংগৃহীত এক লাখ পাউন্ডের বেশি এই তহবিল গাজার অবরুদ্ধ ও গুরুতর অসুস্থ শিশুদের উন্নত চিকিৎসায় ব্যয় করা হবে। জটিল সমস্যায় আক্রান্ত শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতেই এই অর্থ ব্যবহার করা হবে।
এই মহৎ উদ্যোগে যারা আর্থিকভাবে ও নানা আয়োজনে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হামজা। পাশাপাশি, এই কাজে শুরু থেকে পাশে থাকার জন্য ‘নুজুম স্পোর্টস’ নামক প্রতিষ্ঠানটিকেও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সব জমানো তহবিল পাঠানো হবে ফিলিস্তিনের শিশুদের নিয়ে কাজ করা স্বনামধন্য সংস্থা ‘চিলড্রেন নট নাম্বার্স’-এর কাছে। এই সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানেই অসুস্থ শিশুদের স্থানান্তর ও চিকিৎসার প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হবে।
হামজা মনে করেন, গাজার মানুষের সীমাহীন দুর্ভোগের তুলনায় এই সহায়তা অত্যন্ত অপ্রতুল। তবে তার দৃঢ় বিশ্বাস, ছোট ছোট ইতিবাচক পদক্ষেপও সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম।
পোস্টের শেষ পর্যায়ে ফিলিস্তিনের মজলুম মানুষের জন্য বিশেষ দোয়া করেছেন এই খ্যাতিমান ফুটবলার। চলমান কষ্ট লাঘবের পাশাপাশি তিনি ফিলিস্তিনের বুকে স্থায়ী শান্তি ও শক্তি কামনা করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








