কে এম তাহসিন সাউরি, সাবেক বিমানবাহিনী কর্মকর্তা, উত্তরখান তুরাগ নদ, রাজাবাড়ি ঘাট, নৌ-পুলিশ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গ
কে এম তাহসিন সাউরি। সংগৃহীত

নিখোঁজের এক দিন পর রাজধানীর উত্তরখানের তুরাগ নদ থেকে কে এম তাহসিন সাউরি (২৮) নামে বিমানবাহিনীর এক সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার সকালে নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত কে এম তাহসিন সাউরি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। তিনি পরিবারের সদস্যদের সাথে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন।

ফিরোজ উদ্দিন বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফাঁড়ির নৌ-পুলিশ তাহসিনের লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।’

তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নৌ-পুলিশ জানায়, উদ্ধারের সময় তার পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। তার মুখে হালকা দাড়ি ছিল। সাথে থাকা আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।