
স্ট্রেচারে করে মাঠ ছাড়ায় তাওহীদ হৃদয়কে নিয়ে শঙ্কা তৈরি হলেও দিন শেষে স্বস্তির খবর দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। ক্র্যাম্প থেকে দ্রুতই সেরে ওঠার আশা করছেন তিনি। আজ তাই আবার ব্যাট হাতে মাঠে নামার কথা হৃদয়ের।
অন্যদিকে সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকা সাদমান ইসলাম আজ আবার ব্যাট হাতে নামবেন। প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত এই ব্যাটারের সামনে অপেক্ষা করছে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক।
সাদমানের শতকের পাশাপাশি বাংলাদেশের লক্ষ্য এখন ইনিংসটাকে বড় করা। প্রথম ইনিংসে ৪০০ বা তার বেশি রান করতে পারলে দল ভালো অবস্থানে থাকবে বলে মনে করছেন ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিন শেষে ৩ উইকেটে ২১৩ রান করেছে বাংলাদেশ। ৯৯ রানে অপরাজিত সাদমানের সাথে অপরাজিত আছেন লিটন দাস, ৭ রানে। তাদের ব্যাটে আজ বৃহস্পতিবার শুরু হবে দ্বিতীয় দিনের খেলা।
বাংলাদেশের নজর এখন প্রথম ইনিংসে বড় সংগ্রহে। অন্তত ৪০০ রান করার লক্ষ্য দলের। সালাহউদ্দিন বলেন, ‘আমাদের এখন যে পজিশন, আমরা হয়তো ৪০০ প্লাস করতে পারব এই উইকেটে। ওটা করতে পারলে আমরা মনে হয় এখানে একটা ভালো অবস্থায় থাকব।’
তবে কাজটা সহজ হবে না। মিরপুরের উইকেট বোলারদের জন্যও কিছুটা সহায়ক বলে মনে করছেন বাংলাদেশের ব্যাটিং কোচ। ভালো জায়গায় বল করতে পারলে বোলাররা সুবিধা পাবেন।
প্রথম দিন ব্যাটাররা পরিস্থিতি ভালোভাবে সামাল দিলেও টপ অর্ডারে আরো একটু সংযমের প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি। বলেন, ‘আমার মনে হয়, এই উইকেটে বোলারদের জন্য কিছুটা সুবিধা আছে। ভালো জায়গায় বল করতে পারলে বোলাররা এখান থেকে বেশ সহায়তা পাবে।’
তিনি আরো বলেন, ‘তবে আমাদের ব্যাটাররা এখন পর্যন্ত পরিস্থিতি বেশ ভালোভাবেই সামাল দিচ্ছে। টপ অর্ডারে আমরা হয়তো আরো একটু ভালো করতে পারতাম। কিছুটা সংযম দেখাতে পারলে তারা আরো ভালো অবস্থানে থাকতে পারত। তবে দিন শেষে ৩ উইকেট হারিয়ে আমরা যে অবস্থানে আছি, প্রথম দিনের বিবেচনায় সেটিকে খারাপ বলব না। সেশন ধরে আমরা ভালো ক্রিকেট খেলেছি।’
প্রথম দিনের পর ম্যাচের ভবিষ্যৎ নিয়েও সতর্ক সালাহউদ্দিন। তার মতে, এই টেস্টে যেকোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে। বিশেষ করে আজকের প্রথম সেশন গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কতটা ভালো ব্যাটিং করতে পারে এবং পরে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে কতটা চাপে ফেলতে পারে, তার ওপরই নির্ভর করবে ম্যাচের গতিপথ।
সালাহউদ্দিন বলেন, ‘এই টেস্টে যেকোনো সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারে। কাল আমরা কিভাবে শুরু করছি, বিশেষ করে প্রথম সেশনে কেমন ব্যাটিং করছি, তার ওপর অনেক কিছু নির্ভর করবে। আমার মনে হয়, এই টেস্টে ফল আসার সম্ভাবনা বেশ ভালো।’
তিনি আরো বলেন, ‘সেটি নির্ভর করবে আমরা কতটা ভালো ব্যাটিং করতে পারছি এবং প্রতিপক্ষকে কিভাবে বোলিংয়ে চাপে ফেলতে পারছি, তার ওপর। প্রতিপক্ষকে কতটা ভালোভাবে সামাল দিতে পারছি, সেটিও গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আগামী দিনের পারফরম্যান্সই ঠিক করে দেবে ম্যাচের গতিপথ।’
আজ তাই বাংলাদেশের প্রথম লক্ষ্য সাদমানের শতক, এরপর ইনিংসকে যতটা সম্ভব বড় করা। হৃদয় ফিরতে পারলে সেটিও বাড়তি স্বস্তি হবে দলের জন্য। ৪০০ পেরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলার সুযোগটাই এখন বাংলাদেশের সামনে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








