
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেঞ্চুরি তুলে নিলেন বটে সাদমান ইসলাম, তবে ইনিংসটা আর বড় করতে পারলেন না। দিনের শুরুতে সেঞ্চুরি উদযাপন করেই ধরেছেন সাজঘরের পথ।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার প্রথম দিন শেষে ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান তুলেছিল বাংলাদেশ। তখন শতক থেকে মাত্র এক রান দূরে ছিলেন সাদমান, ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
দ্বিতীয় দিনে তাই সবার নজর ছিল সাদমানের দিকে। অপেক্ষা ছিল তার সেঞ্চুরির। বৃহস্পতিবার ব্যাট করতে নেমে অপেক্ষা বাড়াননি তিনি, দিনের দ্বিতীয় বলেই পৌঁছেছেন মাইলফলকে। ২২১ বলে পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে।
টেস্টে এটি সাদমানের তৃতীয় সেঞ্চুরি। গত বছরের এপ্রিলে শেষবার তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি, জিম্বাবুয়ের বিপক্ষে করেন ক্যারিয়ার সেরা ১২০ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার সেই রান আরো বাড়িয়ে নেয়ার সুযোগ ছিল সাদমানের সামনে।
কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না সাদমান। সেঞ্চুরি উদযাপন শেষ হতেই ফিরতে হলো তাকে। এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন অভিষিক্ত জশুয়া বিশপ। ২৩৪ বলে ১০৫ রানেই শেষ হয় সাদমান শো।
সাদমান আউট হলে মাঠে আসেন তাওহীদ হৃদয়। আগের দিন চোট পেয়ে স্ট্রেচারে করে ৪২ রান নিয়ে মাঠ ছাড়া হৃদয় এদিন থিতুই হতে পারেননি। আর কোনো রান যোগ করার আগেই তিনিও শিকার হন বিশপের।
২২১ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুতে যা দলের জন্য বড় ধাক্কা। এই মুহূর্তে সেই ধাক্কা সামলে নেয়ার চেষ্টা করছেন লিটন দাস ও মেহেদী মিরাজ। লিটন ১৬ ও মিরাজ ৪ রানে ব্যাট করছেন।
৮০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২২৯ রান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








