ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক
সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্ট। প্রথম দিনের প্রথম সেশনটা দুর্দান্ত ছিল দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় সেশনে ছিল অস্ট্রেলিয়ার বোলারদের দাপট। শেষ পর্যন্ত তৃতীয় সেশনে এসে ৩২৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। প্রোটিয়াদের ইনিংসে ধস নামান ছয় উইকেট নেয়া পেসার মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল ৫৮ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে অসিরা। সেখান থেকে দলকে ব্যাট হাতে সামনে এগিয়ে নিতে সহায়তা করেন ম্যাট রেনশ ও ক্যামেরুন গ্রিন। শেষ পর্যন্ত চার উইকেটে ১৯১ রান করে চা-বিরতিতে যায় সফরকারীরা। এক সময় দুই উইকেট হারিয়ে ভালো অবস্থানে থাকা অস্ট্রেলিয়াকে পরপর দুই উইকেট তুলে নিয়ে চাপে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জনসেন। 
এ রিপোর্ট লেখা পর্যন্ত তৃতীয় সেশনের খেলা চলছে। অসিদের সংগ্রহ ৫৮ ওভারে ২০০ রান। উইকেটে ছিলেন জশ ইংলিশ ১০ ও অ্যালেক্স ক্যারি ৫ রান নিয়ে। প্রথম ইনিংসে এখনো তারা পিছিয়ে ১২৯ রানে।
দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও ম্যাট রেনশ সতর্কতার সাথে ব্যাটিং শুরু করেন। তবে ৫৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন স্পিনার সিমন হারমার। নিজের প্রথম বলেই হেডকে বোল্ড করেন তিনি।

Advertisement