লালমনিরহাটে সারের সঙ্কটে ক্ষুব্ধ কৃষক

 সাব্বির আহমেদ লাভলু লালমনিরহাট
সময়মতো সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। গত মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে মনির হাট এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেয়া হয়।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বুড়িমারী স্থলবন্দরগামী ও বন্দর থেকে ফেরত আসা যানবাহন আটকা পড়ে। সড়কের দুই প্রান্তে প্রায় এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন পণ্যবাহী ট্রাকের চালকসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা।
কৃষকেরা জানান, চলতি মৌসুমে আলু, ভুট্টা, গম, বাদাম, পেঁয়াজ ও রসুন চাষের প্রস্তুতি চলছে। এ সময়ে চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় আবাদ ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে অনেককে খোলাবাজার থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে, এতে উৎপাদন ব্যয় বাড়ছে। উত্তর পারুলিয়ার কৃষক মনিরুজ্জামান বলেন, আট একর জমিতে আলু চাষের জন্য প্রয়োজনীয় সার পাননি তিনি। তাই বেশি দামে খোলাবাজার থেকে সার সংগ্রহ করতে হচ্ছে। কৃষক আব্দুস সাত্তার জানান, কৃষি কার্ড না থাকায় তিনি নির্ধারিত পদ্ধতিতে সার সংগ্রহ করতে পারছেন না।
খবর পেয়ে ঘটনাস্থলে যান হাতীবান্ধার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। তিনি কৃষকদের সাথে কথা বলে কৃষি কার্ড জমা নিয়ে প্রত্যেককে এক বস্তা করে সার দেয়ার আশ্বাস দেন। পরে কৃষকেরা অবরোধ প্রত্যাহার করেন। ইউএনও দীপ জন মিত্র বলেন, উপজেলায় সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

Advertisement