ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগর
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাব। বাসস

দেশের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে উপকূলীয় জেলা ভোলা ও তৎসংলগ্ন জেলাগুলোতে এখনো গুমোট আবহাওয়া বিরাজ করছে। 

গতকাল বুধবার দিবাগত রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার দিনভর মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। 

কোথাও আকাশ মেঘাচ্ছন্ন আবার কোথাও বাতাসের তীব্রতা বাড়ছে। আকাশ ঘন মেঘে ঢাকা পড়েছে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলীয় এলাকার নদী ও সাগর উত্তাল রয়েছে। 

এমন পরিস্থিতিতে দেশের ৪ সমুদ্রবন্দরগুলোকে আজ বৃহস্পতিবার সকাল থেকেই ৩ নম্বর-দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়।

ভোলা জেলা আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষক মো: মনিরুজ্জামান আজ সকাল ১০টায় বাসসকে জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি জানান, প্রবল ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম উপকূলবর্তী কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

তিনি আরো জানান, ঘূর্ণিঝড়টি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল (২০ নভেম্বর) শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। প্রবল এ ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। 

তাছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দর,দক্ষিণ-পূর্ব এবং উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বিরাজ করছে।

এ অবস্থায় উপকূলীয় জেলা ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এবং নদীগামী জেলেদের ১ নম্বর হুশিয়ারী সংকেত জানিয়ে তাদেরকে উপকূলের তীরবর্তী এলাকায় থাকতে বলা হয়েছে। 

ভোলার জেলা প্রশাসন সূত্র জানায়, দুর্যোগ মোকাবেলায় তার তারা সর্বোচ্চ সতর্কবস্থায় রয়েছেন। দুর্যোগে ক্ষতি মেটাতেও এখানকার প্রশাসনের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। 

সরেজমিন আজ সকাল সাড়ে ৭টায় ভোলার ইলিশা এলাকার মেঘনা নদী পাড় ঘুরে দেখা গেছে, গতকাল বুধবারের তুলনায় আজ নদী খুবই উত্তাল রয়েছে। পানির প্রবল ঢেউয়ে নদীর সর্বত্র আছড়ে পড়ছে। পানি আর বাতাসের শক্তির খেলায় মেঘনার বুকে ভয়ানক বিকট শব্দ এখন আঁতকে উঠার মতো পরিস্থিতি বিরাজ করছে। নিজেদের রক্ষায় জাল, নৌকা আর ট্রলার নিয়ে জেলেরা এখন জেলার মূল ভূখণ্ডে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

আবহাওয়ার এমন প্রতিকূল অবস্থায় উপকূলের পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে, বরিশাল, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, খুলনা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের উপকূলীয় ১০টি জেলার প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবেলায় স্ব-স্ব এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে খবর মিলেছে।

সূত্র : বাসস