অভিযুক্ত শিক্ষক হাবিপ্রবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার
অভিযুক্ত শিক্ষক হাবিপ্রবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার। নয়া দিগন্ত

‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়’— এক নারী শিক্ষার্থীকে এমন মন্তব্য করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার। এছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, ওই শিক্ষকের দ্বারা অনৈতিক প্রস্তাব ও পরবর্তীতে হেনস্তার শিকারও হয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ওই শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৩ জুলাই ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড. দীপক কুমার সরকার রাত ১টা ৫১ মিনিটে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে নক দেন। পরদিন সকাল সাড়ে ১০টায় একজন বান্ধবীসহ তাকে নিজের অনুষদীয় চেম্বারে দেখা করতে বলেন তিনি।

যথারীতি ওই শিক্ষার্থী তার বান্ধবীসহ অভিযুক্ত শিক্ষকের চেম্বারে দেখা করতে যান। কিছুক্ষণ পর অভিযুক্ত শিক্ষক ব্যক্তিগত কথা আছে বলে সাথে আসা বান্ধবীকে চেম্বার থেকে বের হয়ে বাইরে অপেক্ষা করতে বলেন।

বান্ধবী চেম্বার থেকে বের হওয়ার পর অভিযুক্ত শিক্ষক তাকে প্রশ্ন করেন, ‘তুমি পৃথিবীতে কাকে সব থেকে বেশি ভালোবাসো?’

উত্তরে ওই শিক্ষার্থী তার বাবার কথা বললে অভিযুক্ত শিক্ষক তাকে বাবার দিব্যি দিয়ে বলেন, ‘এখন তাকে যে কথাগুলো বলা হচ্ছে তা যেন কাউকে না বলা হয়। এরপর ওই শিক্ষার্থীকে তিনি বলেন, আমার জীবনে প্রথম যে প্রেমিকা ছিল, তুমি দেখতে ঠিক সেই মেয়েটার মতো। যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতরে আপস অ্যান্ড ডাউন হয়।’

এ সময় অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থীকে নিয়ে বিকেলে দিনাজপুরের বিরলে চা খেতে যাওয়া এবং ব্যক্তিগত সময় কাটানোর প্রস্তাব দেন। একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই ওই শিক্ষক তার হাত ধরে হ্যান্ডশেক করে বলেন, ‘তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত।’

এমন ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই শিক্ষার্থী। পরে তিনি বিষয়টি তার পরিবারকে জানান এবং অভিযুক্ত শিক্ষকের স্ত্রীকে অবহিত করলে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী আরো জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি তার ভাইভা অনুষ্ঠিত হয়। এর মাঝেই ক্লাসের সিআর-এর মাধ্যমে তাকে আবারো চেম্বারে ডেকে নেন ওই শিক্ষক। ঘটনাটি পরিবার ও স্ত্রীকে জানানোর কারণে চেম্বারে ডেকে টেবিল চাপড়ে উচ্চস্বরে কথা বলেন এবং তার বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন। তার হাতে দু’টি কোর্স থাকায় প্রশ্ন করা ও খাতা দেখার ক্ষমতা তার হাতে রয়েছে বলেও শিক্ষকসুলভ নয় এমন আচরণ করেন তিনি।

এই ঘটনায় মানসিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ায় দীর্ঘদিন ক্লাস করতে পারেননি ওই শিক্ষার্থী। পূর্বের ঘটনার জের ধরে পরে তাকে নানাভাবে হেনস্তা করা হয় এবং এর ফলেই পরীক্ষায় তার ফলাফল খারাপ হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত অধ্যাপক ড. দীপক কুমার সরকারের মোবাইলফোনে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘এই বিষয়ে আমি অবগত না। আর এমন তো হওয়ার কথা না, এমন কিছু তো আমি করিনি।’

অভিযোগের বিষয়ে মোবাইলফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো: নওশের ওয়ান বলেন, ‘আমি একটু ব্যস্ত আছি, কিছুক্ষণ পর কথা বলি।’ পরে কল দেয়া হলে তিনি আর কল কল রিসিভ করেননি।