
রোহিঙ্গারা মিয়ানমারের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী। ২০১৭ সালে দেশটির সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কয়েক দশক ধরে বৈষম্য চলে আসছে। রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে এসব কথা জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালত আরও বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে সামরিক বাহিনী ভূমিকা রেখেছে এবং তাঁদের ওপর সংঘটিত নৃশংসতার অভিযোগ তদন্তে ব্যর্থ হয়েছে মিয়ানমার।
রোহিঙ্গারা স্বতন্ত্র জাতিগোষ্ঠী
আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেছেন, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা ও শিল্প-সংস্কৃতি রয়েছে। তাঁরা নিজেদের একটি স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে পরিচয় দেন। এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে আদালত তাঁদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ফলে গণহত্যা সনদের আওতায় তাঁরা সুরক্ষিত জনগোষ্ঠী হিসেবে বিবেচিত হবেন।
বিচারক বলেন, মিয়ানমারে কয়েক দশক ধরে রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈষম্য চলে আসার প্রমাণ রয়েছে। বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধের কারণে ধীরে ধীরে তাঁদের অধিকার সংকুচিত হয়েছে। এতে তাঁরা সমাজে প্রান্তিক হয়ে পড়েছেন এবং বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছেন। অন্যদিকে সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতায় ছড়ানো বিদ্বেষমূলক বক্তব্য তাঁদের বিরুদ্ধে শত্রুতা উসকে দিয়েছে।
সামরিক অভিযানে নিহত প্রায় ১০ হাজার
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আদালত। বিচারক ইউজি বলেন, আদালতের হাতে থাকা প্রমাণের ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
নৃশংসতার অভিযোগ তদন্তে ব্যর্থ মিয়ানমার
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার অভিযোগ যথাযথভাবে তদন্ত করতে মিয়ানমার ব্যর্থ হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। বিচারক ইউজি বলেন, এসব ঘটনা আন্তরিকভাবে তদন্ত করতে দেশটি ব্যর্থ হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য প্রমাণ ও সাক্ষীদের কাছে যেতে দিতেও অস্বীকৃতি জানিয়েছে মিয়ানমার। মামলার প্রমাণ খতিয়ে দেখার সময় আদালত এসব বিষয় বিবেচনায় নিয়েছেন।
গণহত্যা প্রতিরোধে রাষ্ট্রের দায়িত্ব
গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্বের বিষয়টিও তুলে ধরেছেন বিচারক ইউজি। তিনি বলেন, কোনো রাষ্ট্রের অঙ্গপ্রতিষ্ঠান অথবা এমন ব্যক্তি বা গোষ্ঠী গণহত্যা বা এ ধরনের অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত হলে, যাদের কাজের দায় রাষ্ট্রের ওপর বর্তায়, সে ক্ষেত্রে রাষ্ট্রকে দায়ী করা যেতে পারে।
তবে ব্যক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতার মধ্যে পার্থক্য রয়েছে। ব্যক্তিরা ফৌজদারি অপরাধের জন্য দায়ী হন। অন্যদিকে রাষ্ট্রের দায়বদ্ধতা আন্তর্জাতিক আইনের অধীনে। বিচারক বলেন, রাষ্ট্রের এই দায়বদ্ধতা ফৌজদারি প্রকৃতির নয়।
সংখ্যাগরিষ্ঠ বিচারকের ভোটেই সিদ্ধান্ত
আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া ছাড়াও বেঞ্চে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত ১৪ জন বিচারক। গাম্বিয়া ও মিয়ানমারের কোনো বিচারক আদালতে না থাকায় দুই দেশই এই মামলার জন্য একজন করে অতিরিক্ত বিচারক নিয়োগ করেছে। গাম্বিয়া নোবেলজয়ী নাভি পিল্লাইকে এবং মিয়ানমার ক্লাউস ক্রেসকে বেছে নিয়েছে।
বিবিসির দ্য হেগ প্রতিনিধি আনা হলিগান জানান, আদালতের সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ বিচারকের ভোটে নেয়া হয়। ভোট সমান হলে আদালতের প্রেসিডেন্টের ভোট চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করে।
আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘোষণার অধিবেশন আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫ মিনিটে শুরু হয়। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতের পিস প্যালেসে অধিবেশনটি পরিচালনা করছেন আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








