ঈশ্বরদীতে বসতবাড়ি ভাঙচুর-লুটপাট

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা 
পাবনার ঈশ্বরদীতে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই ব্যবসায়ীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। বসতভিটা হারিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন দুই ভাইয়ের পরিবার। এ ঘটনায় প্রধান অভিযুক্ত খোকন হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার সকালে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কাঁঠালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন রাতে সংবাদ সম্মেলন করে ন্যায়বিচার ও পরিবারের নিরাপত্তা দাবি করেন ভুক্তভোগী দুই ভাই জামিরুল ইসলাম শান্ত ও শিহাব উদ্দিন। তাদের অভিযোগ, খোকন হোসেন, রবি হোসেন, মতিয়ার রহমান, আবুল খায়ের, সিরাজুল ইসলামসহ ৫০-৬০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুর করে তাদেরকে উচ্ছেদ করে দেয় তারা। এ ছাড়া হামলাকারীরা বাড়ি থেকে পাঁচ লাখ ২০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কার ও দু’টি গরু নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন দুই ভাই। 
ঈশ্বরদী থানার ওসি মো: আশাদুর রহমান জানান, ভুক্তভোগীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে  প্রধান  অভিযুক্ত খোকন হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement