পাবিপ্রবিতে ৭ দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

পাবিপ্রবি প্রতিনিধি

Advertisement

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বাস থেকে নামতে গিয়ে শিক্ষার্থী মনীষার আহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তসহ সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি শুরু করেন তারা। এর আগে গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে পাবনা শহরের মুক্তমঞ্চ বাসস্টপে নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী। 
তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে আহত মনীষার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করা, দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ী বাসচালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা নেয়া, ওই চালককে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনো বাস চালানোর দায়িত্ব না দেয়া, প্রতিটি বাসে অন্তত একজন দায়িত্বপ্রাপ্ত হেলপার নিয়োগ, শিক্ষার্থীরা নিরাপদে বাসে ওঠার পর যাত্রা শুরু করা, তাদের যাতায়াতের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো এবং বাসচালক ও হেলপারদের শারীরিক-মানসিক সুস্থতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের ব্যবস্থা করা। 
এ ছাড়া অনিবার্য কারণ ছাড়া হঠাৎ করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ না করার দাবিও জানিয়েছেন তারা। মঙ্গলবার রাতে আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের ভিসি, কোষাধ্যক্ষ, প্রক্টর, ছাত্রপরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক, সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছি।