
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ ছাড়া অন্যত্র সংযুক্তিতে থাকা সাত চিকিৎসককে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবার মান ও পরিবেশের খোঁজ নেন মন্ত্রী। হাসপাতাল সূত্রে জানা যায়, ৫১ জন চিকিৎসকের মধ্যে ১২ জন অনুপস্থিত ছিলেন। তাদের মধ্যে সাতজন অন্যত্র সংযুক্তিতে এবং পাঁচজন দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত।
পরিদর্শনকালে হাসপাতালটি ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। এ পরিকল্পনায় ১০টি ডায়ালাইসিস মেশিন, প্রসূতি ও নবজাতকদের জন্য পৃথক ২০ শয্যার ওয়ার্ড, ফিজিওথেরাপি সেবা এবং ব্রেস্টফিডিং সেন্টার চালুর উদ্যোগ রয়েছে। আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানান তিনি।
হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। বর্জ্য ব্যবস্থাপনার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং বিকল যানবাহন কন্ডেমনেশন প্রক্রিয়ায় নেয়ার নির্দেশ দেন তিনি। আগামী অর্থবছরের মধ্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান।
পরিদর্শনকালে মন্ত্রী দুই অসহায় ব্যক্তিকে ব্যক্তিগতভাবে ছয় হাজার টাকা আর্থিক সহায়তা দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








