পল্টন ট্র্যাজেডির বিচার দাবিতে জামায়াত শিবিরের বিক্ষোভ ও দোয়া
সেনবাগে ২৮ অক্টোবর ট্র্যাজেডি উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা : নয়া দিগন্ত।
ads

 নয়া দিগন্ত ডেস্ক
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত আওয়ামী ফ্যাসিস্টদের লগি-বৈঠার হামলায় নিহতদের স্মরণ এবং এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। গতকাল বুধবার এসব কর্মসূচি থেকে বক্তারা সেই ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিচার এবং রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনাকে আওয়ামী লীগের জঙ্গিপনার রক্তাক্ত দলিল হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বুধবার টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে জেলা জামায়াতের যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি ওই দিনের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, দায়ীদের গ্রেফতার এবং প্রত্যাহার করা মামলাগুলো পুনরুজ্জীবিত করার দাবি জানান। একই সাথে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে ভূমিকা রাখার আহ্বান জানান। 
কুষ্টিয়া প্রতিনিধি জানান, গতকাল সকালে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও স্থানীয় সংসদ সদস্যরা এবং দলীয় নেতারা। বক্তারা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবি করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। আলোচনা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
নাটোর প্রতিনিধি জানান, সকাল সাড়ে ৯টায় শহরের মাদরাসা মোড় থেকে একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, দীর্ঘদিনেও ওই ঘটনার বিচার হয়নি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান তারা।
গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, বুধবার সকাল সাড়ে ৬টায় গাজীপুরার এশিয়া পাম্প এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের মহানগর শাখার একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগ আলী এলাকায় এসে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা। সভাপতিত্ব করেন মহানগর সভাপতি ইয়াছিন আরাফাত। বক্তারা বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ড দেশের ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়। দীর্ঘদিনেও এর বিচার নিশ্চিত হয়নি। তারা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, নোয়াখালীর সেনবাগে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে উপজেলার কাদরা ইউনিয়নের জয়নগর ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু শাকের মোহাম্মদ জাকারিয়া মিয়াজির সভাপতিত্বে এবং সেক্রেটারি মাস্টার শহীদ উল্যাহ মানিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল মালেকসহ স্থানীয় নেতারা। বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে নিহতদের স্মরণ করেন এবং ঘটনার বিচার দাবি করেন। শেষে নিহতদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মালেক।
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা জানান, রংপুরের পীরগঞ্জে দিবসটি উপলক্ষে সমাবেশ ও মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। বুধবার রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বাসস্ট্যান্ড ওভারপাসের নিচে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জের সংসদ সদস্য সহকারী অধ্যাপক মো: নুরুল আমীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো: খাইরুল আযম, সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ আকন্দ, ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা খাইরুল আমিন, পৌর জামায়াতের আমির মাহবুবুর রহমান এবং জামায়াত নেতা মাওলানা ইদ্রিস আলী ও অ্যাডভোকেট ফিরোজ কবির নিয়ন। সমাবেশ শেষে শহরের প্রধান সড়কগুলোতে মিছিল করেন নেতাকর্মীরা।
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিত করে বর্তমান সরকারকে জনগণের সরকার হিসেবে প্রমাণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বুধবার বিকেলে জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকারকে এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক। উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরীর সঞ্চালনায় এতে ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফরমানুর রহমান জাহিন, পৌর জামায়াতের আমির আবু তাহেরসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। 
ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী) সংবাদদাতা জানান, গতকাল বিকেলে ছাগলনাইয়া পৌর জামায়াত আয়োজিত একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করে।  পৌর জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাগলনাইয়া জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুর রহমান, মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল মাহমুদ আজাদ চৌধুরী, উপজেলা জামায়াতের আমির আজাদ হোসাইন, সেক্রেটারি জাফর উদ্দিন মোল্লাহ প্রমুখ।