
রাজবাড়ী প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফহুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। দেশ কোন দিকে যাচ্ছে, তা নিয়ে সব শ্রেণী-পেশার মানুষ চিন্তিত ও উদ্বেগ প্রকাশ করছেন। নির্বাচন ও গণভোটের পর সংসদে তাদের বক্তব্য শোনা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
গতকাল দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ী পৌর মিলনায়তনে এনসিপির রাজবাড়ী জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন নাহিদ ইসলাম। এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
ক্রসফায়ার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ক্রসফায়ার বন্ধের জন্য অনেকে জীবন দিয়েছেন। অথচ দেশের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা আবার ক্রসফায়ারে ফিরে যাওয়ার কথা বলছেন। সংবিধানবিরোধী ও বিচারবহির্ভূত এ ধরনের বক্তব্য দেয়ার পর তার চাকরিতে থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আইজিপির ওই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া এবং বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে বলে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, বিএনপির ছত্রচ্ছায়ায় দলীয় ক্যাডাররা বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, বর্তমান সরকারও অতীতের মতো পুলিশ বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, অতীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক কারবারিদের প্রশ্রয় দেয়ার অভিযোগ ছিল। এখন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠছে। এ পরিস্থিতিতে পুলিশ কার্যকরব্যবস্থা নিতে পারছে না দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকাতেই মাদক নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হলেও এর প্রভাব সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পোশাকশ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই তাদের বেতন বাড়ানো জরুরি।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। এ ছাড়া ব্যাংকিং খাতে এখনো আশানুরূপ সংস্কার না হওয়া এবং ব্যাংকব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন কমে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারজিস আলম। বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবীদ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল। এ ছাড়া ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা থেকে আসা নেতারা সভায় উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








