
নিজস্ব প্রতিবেদক
আনসার ভিডিপির সহযোগী প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’ রিক্রুটিং লাইসেন্স পেয়েছে। একই সাথে আনসার ব্যাংকের বিদেশ গমন ঋণ ও শেয়ার ডিজিটাল ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম উদ্বোধন করা হয়েছে গতকাল বুধবার।
গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাইসেন্স হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় নবনির্মিত প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র (চঝঞঈ) এর শুভ উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-১ এর সংসদ সদস্য মো: মুজিবুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: মোখতার আহমেদ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, আনসার ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও অতিরিক্ত মহাপরিচালক মো: সাইফুল্লাহ রাসেল এবং আমন্ত্রিত অতিথিবর্গ।
স্বাগত বক্তব্যে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর ৬০ লাখ সদস্যের জীবনমান উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় প্রশিক্ষণ সক্ষমতা আধুনিকীকরণ করা হয়েছে। জাপানের শীর্ষ প্রতিষ্ঠানের সাথে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে সৃষ্ট প্রায় দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগাতে আনসার-ভিডিপির প্রশিক্ষিত জনবল প্রস্তুত রয়েছে।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে আস্থা অর্জনে দক্ষতা ও কমপ্লায়েন্স নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে বিএমইটির ১০৪টি টিটিসি ও আনসার-ভিডিপির তৃণমূল নেটওয়ার্ক সমন্বিতভাবে কাজ করতে পারে। নব উদ্বোধিত ডিজিটাল ডাটাবেজ বিএমইটির সাথে যুক্ত হয়ে স্বচ্ছতা নিশ্চিত করবে। পাশাপাশি নিজস্ব সিআরএম (ঈজগ) প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে কর্মরত সদস্যদের সার্বক্ষণিক সেবা ও নিরাপত্তা সহায়তা দেয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর যে বৃহৎ পরিকল্পনা তা বাস্তবায়নে আনসার ভিডিপির এই প্রশিক্ষণ প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ অংশীদার হতে যাচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








