
রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের কর্মকাণ্ড গণহত্যা কি না, সেই মামলার রায় কীভাবে তৈরি হয়েছে, তা ব্যাখ্যা করছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইউজি ইওয়াসাওয়া। আদালত এখনো চূড়ান্ত রায় ঘোষণা করেননি। রায় ঘোষণার আগে আদালতের বিচারিক প্রক্রিয়া ও মামলার বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়গুলো তুলে ধরছেন তিনি।
বিবিসি জানায়, আজ বৃহস্পতিবার দ্য হেগে আদালতের অধিবেশনে বিচারক ইওয়াসাওয়া মিয়ানমারের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগের বিভিন্ন দিক ব্যাখ্যা করছেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে রোহিঙ্গাদের জন্মহার কমানোর চেষ্টা, তাঁদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার এবং ২০১৭ সালের সামরিক অভিযানে কত মানুষকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, সেই তথ্য।
রোহিঙ্গাদের জন্মহার কমাতে চেয়েছিল মিয়ানমার
বিচারক ইওয়াসাওয়া বলেন, রোহিঙ্গাদের জন্মহার কমাতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল মিয়ানমার। দেশটির আঞ্চলিক এক আদেশে ‘বাঙালি’ হিসেবে বর্ণিত ব্যক্তিদের বিয়ের জন্য বিশেষ অনুমতি নেয়ার বাধ্যবাধকতা ছিল। একই সাথে বিবাহিত দম্পতিদের সর্বোচ্চ দুই সন্তান নেয়ার সীমা বেঁধে দেয়া হয়েছিল।
এসব নীতির মাধ্যমে রোহিঙ্গাদের জন্মহার কমানো সম্ভব না হলেও, এ জনগোষ্ঠীর জন্মহার কমানোই ছিল ওই ব্যবস্থার উদ্দেশ্য—মিয়ানমার তা স্বীকার করেছে বলে জানান বিচারক।
তিনি বলেন, আদালত মনে করেন, ওই আদেশ ছিল রোহিঙ্গাদের ওপর চাপিয়ে দেয়া একটি জবরদস্তিমূলক ব্যবস্থা। অন্তত ২০১৭ সালের সামরিক অভিযানের সময়ও এ জনগোষ্ঠীর মধ্যে জন্মহার কমানোই ছিল এর উদ্দেশ্য।
জন্মহার কমানোর এই চেষ্টা এবং অন্যান্য পদক্ষেপ থেকে রোহিঙ্গাদের বংশবৃদ্ধি বন্ধ করার বিষয়ে রাষ্ট্রের অভিপ্রায়ের ইঙ্গিত পাওয়া যায় বলে উল্লেখ করেন বিচারক। এ ছাড়া সামরিক অভিযানের সময় যৌন সহিংসতা চালানোর বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর ভাষায়, এসব সহিংসতার উদ্দেশ্য ছিল জনগোষ্ঠীটির শারীরিক ও মানসিকভাবে সন্তান জন্ম দেয়ার ইচ্ছা ও সক্ষমতা ক্ষতিগ্রস্ত করা।
৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল
আদালত বলেছেন, ২০১৭ সালের সামরিক অভিযানের আগে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে বসবাস করতেন প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা। ওই অভিযানে তাঁদের লক্ষ্যবস্তু করা হয়েছিল।
বিচারক ইওয়াসাওয়া বলেন, এই সংখ্যা স্পষ্টতই উল্লেখযোগ্য। গণহত্যা সনদের বিবেচনায় এত বড় জনগোষ্ঠীকে একটি ‘বৃহৎ জনগোষ্ঠী’ হিসেবে গণ্য করা যায়।
রোহিঙ্গাদের ‘মানুষের অধম’ হিসেবে তুলে ধরে বিদ্বেষ ছড়ানো হয়
রোহিঙ্গাবিরোধী বিদ্বেষমূলক প্রচার নিয়ে বিস্তারিত কথা বলেন বিচারক। আদালত দেখতে পেয়েছেন, ২০১৭ সালের সামরিক অভিযানের সময় মিয়ানমারের সেনাবাহিনী পরিকল্পিত ও সমন্বিতভাবে সক্রিয়ভাবে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছে এবং তা প্রচার করেছে।
আদালত রোহিঙ্গাবিরোধী বিদ্বেষমূলক প্রচারাভিযান এবং সামরিক অভিযানের মধ্যে যোগসূত্রও দেখতে পেয়েছেন।
বিচারক বলেন, এসব প্রচারে রোহিঙ্গাদের ‘মানুষের অধম’ এবং ‘সহিংস হুমকি’ হিসেবে তুলে ধরা হয়েছিল। এর ফলে এমন একটি পরিবেশ তৈরি হয়, যেখানে একটি জনগোষ্ঠীকে ধ্বংসের লক্ষ্যবস্তু করা সহজ হয়ে ওঠে।
আদালতের রায় এখনো ঘোষণা হয়নি
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত এক ঘণ্টা ধরে বিচারক ইওয়াসাওয়া আদালতের বিচারিক প্রক্রিয়া এবং মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলায় কীভাবে সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে, তা ব্যাখ্যা করছেন। তবে আদালতে এখনো চূড়ান্ত রায় ঘোষণা করা হয়নি। বিচারকের বক্তব্য ও রায়ের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরার কাজ চালিয়ে যাচ্ছে বিবিসি।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








