বাবা-ছেলেসহ ৩ জেলায় নিহত ৬ আহত ২২

 নয়া দিগন্ত ডেস্ক
নারায়ণগঞ্জে বাবা-ছেলেসহ গতকাল সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রংপুরে তিনজন এবং ভোলায় একজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন। এতে মৃতের সংখ্যা বাড়ারও আশঙ্কা রয়েছে। 
বন্দরে বাস ও ট্রাকের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত 
নারায়ণগঞ্জ  প্রতিনিধি  
নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। 
গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে কেওডালা বাসস্ট্যান্ড  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাইবান্ধা জেলার উত্তর খাগুরা গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তার  ছেলে বিপুল (৪)।  কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই শফিউল আলম জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যাত্রীবাহী বাসের সাথে উল্টোপথে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের  সংঘর্ষ হয়। ঘটনার সময়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন শফিকুল ইসলাম ও তার ছেলে বিপুল। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর ট্রাক ও বাস জব্দ এবং ট্রাক চালককে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।  তবে বাসচালক দুর্ঘটনার পর পালিয়ে যায়।
রংপুরে ট্রাককে কোচের ধাক্কা, নিহত ৩ আহত ১৮, ১১ জনের অবস্থা গুরুতর
রংপুর ব্যুরো জানায়, রংপুরে ট্রাককে কোচের ধাক্কায়  নিহত ৩ আহত ১৮, ১১ জনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসক। গতকাল বুধবার ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ মাজার মসজিদের সামনে এই দুর্ঘটনা হয়। নিহতদের মধ্যে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দু’জন। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা গ্রামের ওমর আলীর ছেলে মোজাফফর হোসেন (৩৫)
ঘটনাস্থলে উপস্থিত বড় দরগা হাইওয়ে পুলিশের এএসআই মোয়াজ্জেম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী খান এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-১৩১৯২৫) কোচ  ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৩৬৬২৮) পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।  ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়।  তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ছাড়াও  প্রায় ১৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এর মধ্যে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ১১ জনকে। হাসপাতালের সরদার আব্দুল জলিল জানান, ‘মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে ভর্তিদের মধ্যে দু’জন মারা গেছেন। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোজাফফর হোসেন (৩৫)। তার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়িতে। অপরজন অজ্ঞাত। 
লালমোহনে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
লালমোহন (ভোলা) সংবাদদাতা জানান, ভোলার লালমোহনে অজ্ঞাতনামা যানের ধাক্কায় মো: মোজাম্মেল মুন্সী (৭৩) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ভোলা-চরফ্যাসন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল মুন্সী উপজেলার পূর্ব আশুলি গ্রামের মৃত নুরুল হক মুন্সীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোজাম্মেল মুন্সী দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন। রাতে ফরাজগঞ্জ ৬ নম্বর ওয়ার্ডের মিনার মসজিদসংলগ্ন একটি স্যানিটারি দোকানের সামনে ভোলা-চরফ্যাসন মহাসড়কের ওপর তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক চা-দোকানি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

Advertisement