
প্রথম ইনিংসে ৪০০ রান করে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ পেয়েছিল টাইগাররা। কিন্তু এতো সমৃদ্ধ পুঁজি পেয়েও লড়াই করতে পারলো না বাংলাদেশ।
কোনো রকমে ইনিংস হার এড়ালেও নাজমুল হোসেন শান্তরা ম্যাচটা হেরে গেছে ৯ উইকেটে। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর থেকে সেঞ্চুরিয়নে।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করেও কোনো দল আগে টেস্ট হারেনি। ১২ জয়ের পাশাপাশি ছিল ৭টি ড্র। সেই ইতিহাসও এবার ভেঙে গেল বাংলাদেশের হারে। প্রথম ইনিংসে ৪০০ রান করেও ম্যাচ বাঁচাতে পারল না সফরকারীরা।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা তোলে ৫৫৭ রান। তাতে ১৫৭ রানের লিড পায় স্বাগতিকরা। সেই লিড ভাঙতে গিয়েই ধসে যায় দল, মাত্র ১৬৮ রানে গুটিয়ে বাংলাদেশ। জয়ের জন্য মাত্র ১২ রানের লক্ষ্য পায় প্রোটিয়ারা।
অবশ্য দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই বাংলাদেশের ব্যাটিংয়ে ছিল অস্থিরতা। চতুর্থ দিনেই ৫ উইকেট হারিয়ে তুলেছিল ১০০ রান। আজ বৃহস্পতিবার পঞ্চম দিনে আর মাত্র ৬৮ রান যোগ করতেই শেষ হয় টাইগারদের ইনিংস।
দলের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তাওহীদ হৃদয় ২৩, মুশফিকুর রহিম ২২ ও লিটন দাস ৩৯ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট হয়নি। শেষ দিনে ইনিংস হার এড়ানোটাই কেবল বাংলাদেশের প্রাপ্তি।
দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় ইনিংসে সাইমন হারমার ৬ উইকেট নেন ৫১ রানে। কাগিসো রাবাদা পান ৩ উইকেট।
১২ রানের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার জন্য ছিল আনুষ্ঠানিকতা মাত্র। প্রথম ওভারেই মার্কাস অ্যাকারম্যানকে ফিরিয়ে একটা ধাক্কা দেন বটে মেহেদী হাসান মিরাজ। তবে সেই ধাক্কা ধোপে টেকেনি। দ্বিতীয় ওভারে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন এইডেন মার্করাম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









