
কুমিল্লা প্রতিনিধি ও দাউদকান্দি সংবাদদাতা
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে যায়। দগ্ধ ব্যক্তিদের মধ্যে পাঁচ বছর বয়সী শিশু মুনিয়া ও ৮০ বছর বয়সী মো: বিল্লাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
দগ্ধ অন্য তিনজন হলেন- ইয়াসমিন (৩০), অটোরিকশাচালক আলম (৪০) ও আয়েশা বেগম (৬০)। তাদের সবার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পাঁচ বছর বয়সী শিশু মুনিয়াকে চিকিৎসার জন্য কচুয়া থেকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনেরা। চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে পৌঁছালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে অটোরিকশাটি পুড়ে যায় এবং এর পাঁচ যাত্রী দগ্ধ হন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








