৩৮ হাজার ৯৫০ আখচাষিকে অর্থ ও প্রণোদনা দেয়ার উদ্যোগ


দেশের ৩৮ হাজার ৯৫০ জন আখচাষির মধ্যে আখের মূল্য ও প্রণোদনার অর্থ পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি)। সরকারের এ উদ্যোগের লক্ষ্য প্রান্তিক আখচাষিদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং দেশের চিনিশিল্পকে স্বাবলম্বী করা। গতকাল রাজধানীতে বিএসএফআইসির সদর দফতরের বোর্ড রুমে সংস্থাটির জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা ও আলোচনা সভায় করপোরেশনের চেয়ারম্যান মো: শামছুজ্জামান (সুরুজ) এসব কথা বলেন। চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে ৩৮ হাজার ৯৫০ জন আখচাষির কাছে সময়মতো প্রণোদনার অর্থ পৌঁছে দেয়ার মাধ্যমে চাষিদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। চিনিশিল্পকে লাভজনক ও আধুনিক খাত হিসেবে গড়ে তুলতে বিএসএফআইসি কাজ চালিয়ে যাবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিএসএফআইসির পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ও যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খান, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ও যুগ্ম সচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান, পরিচালক (অর্থ) ও যুগ্ম সচিব তাহমিনা আক্তার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সাইফুর রহমান খান, সচিব মোহাম্মদ মুজিবুর রহমান এবং সিওপি শাহরীনা তানাজ উপস্থিত ছিলেন। এ ছাড়া জিয়া পরিষদের সভাপতি কৃষিবিদ মো: আবু রায়হান, সাধারণ সম্পাদক মো: গোলাম রব্বানী ও সাংগঠনিক সম্পাদক মো: আশরাফ সরকার জুয়েলসহ বিএসএফআইসির কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন। জিয়া পরিষদের সভাপতি অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আখচাষিদের সময়মতো অর্থ পরিশোধ ও প্রণোদনা প্রদান এবং আধুনিকায়নের উদ্যোগ অব্যাহত থাকলে দেশের চিনিশিল্পের উৎপাদন বৃদ্ধি ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার সুযোগ তৈরি হবে। বিজ্ঞপ্তি।

Advertisement