
রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করার নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ঢাকা ট্রেড ও ফুলবাড়িয়া সুপারমার্কেট-সংলগ্ন ফুটপাথ থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির চারজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী এবং ছয় প্লাটুন পুলিশের সহায়তায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত এ অভিযান চলে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম উপস্থিত থেকে এ উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন এবং গণমাধ্যমের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘সিটি করপোরেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে রাস্তা ও ফুটপাথ পরিষ্কার এবং দখলমুক্ত রাখা হচ্ছে। হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাথ, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেয়া হয়েছে, তারা কেবল সেখানেই বসতে পারবেন। বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো রাস্তা সম্পূর্ণ পরিষ্কার রাখা হবে এবং মূল রাস্তায় কোনোভাবেই হকার বসতে দেয়া হবে না।’
তিনি আরো বলেন, ‘রাস্তা ও ফুটপাথ পরিষ্কার রাখার জন্য বিভিন্ন মাধ্যমে সতর্ক করার পাশাপাশি হকার সংগঠনের নেতাদের সাথেও একাধিকবার বৈঠক করা হয়েছে; কিন্তু উচ্ছেদের পরও পুনরায় বসে পড়ায় এখন কঠোর আইনগত ব্যবস্থা নেয়া ছাড়া উপায় নেই। নিয়ম অমান্য করে বসলে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেফতার করা হবে।’
অভিযানটি পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো: রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা হাছিবা খান এবং (সিনিয়র সহকারী সচিব) মো: আমিনুল ইসলাম। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








