বোর্নমাউথে বিধ্বস্ত এসি মিলান

ক্রীড়া ডেস্ক
ইংলিশ ক্লাব বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হেরেছে ইউরোপা লিগের সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান। বোর্নমাউথের ভাইটালিটি স্টেডিয়ামে গত পরশু ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে ইতালিয়ান ক্লাবটি। প্রথমার্ধে গোলরক্ষক মাইক মেনিয়ার লাল কার্ডে আরো কঠিন হয়ে পড়ে মিলানের লড়াই। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বোর্নমাউথ। এ দিকে মিলানের বিধ্বস্ত হওয়ার রাতে গোলের বন্যা বইয়ে দিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ। নিজেদের মাঠে রেনের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস। লিগ পর্বের তৃতীয় রাউন্ডে বড় জয় পেয়েছে বেনফিকা ও বায়ার লেভারকুজেন।
ভাইটালিটি স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে বোর্নমাউথকে এগিয়ে দেন জাস্টিন ক্লুইভার্ট। এরপর ২৭ মিনিটে টাইলার অ্যাডামসের মুখে ধাক্কা দেয়ায় সরাসরি লাল কার্ড দেখেন মিলানের অধিনায়ক ও গোলরক্ষক মেনিয়া। একই ঘটনায় পেনাল্টিও পায় স্বাগতিকরা। ৩২ মিনিটে স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস ট্যাভার্নিয়ের। ১০ জনের মিলান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বোর্নমাউথের রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ম্যাচের ৮৪ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন আমিনে আদলি। এই জয়ে ইউরোপা লিগের টানা তিন ম্যাচ জয়ের কৃতিত্ব দেখিয়েছে বোর্নমাউথ। নিজেদের প্রথম ইউরোপীয় অভিযানে এমন সাফল্য ইংলিশ ক্লাবটির জন্য বড় অর্জন। 
দাপুটে জয় পেয়েছে রিয়াল সোসিয়েদাদ। নরওয়ের ক্লাব লিলেস্ট্রমকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ দলটি। লিলেস্ট্রমের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সোসিয়েদাদ। ২৫ মিনিটে সার্জিও গোমেজের গোলে এগিয়ে যায় দলটি। এক মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৩৩ মিনিটে লুকা সুচিচের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। তিনটি গোলেই সতীর্থদের সুযোগ তৈরি করে দেন অধিনায়ক মিকেল ওয়ারজাবাল। ৬৫ মিনিটে ওরি ওস্কারসন, ৭২ মিনিটে সুচিচ এবং ৮০ মিনিটে আর্সেন জাখারিয়ান গোল করেন। মাঝখানে লিলেস্ট্রম পেনাল্টি পেলেও তা ঠেকিয়ে দেন রিয়াল সোসিয়েদাদের গোলরক্ষক উনাই মাররো। এই জয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ডে আবারো ভাগ বসিয়েছে রিয়াল সোসিয়েদাদ। এর আগে ২০১৭ সালে ভারদারকে ৬-০ গোলে হারিয়েছিল তারা। 
এদিন ঘরের মাঠে রেনের বিপক্ষে শুরুটা ভালো করেছিল জুভেন্টাস। ম্যাচের পাঁচ মিনিটে জেকি চেলিকের গোলে এগিয়ে যায় ইতালির জায়ান্টরা। ১৫ মিনিটে মুসা আল-তামারির গোলে সমতায় ফেরে সফরকারীরা। প্রথমার্ধ শেষ হওয়ার ২ মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে রেনেকে ২-১-এ এগিয়ে নেন বুলায়ে দিয়া। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জুভেন্টাস। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জুভদের সমতায় ফেরান নিক ভোল্টেমাডে। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ইতালিয়ান ক্লাবটিকে। 
বোর্নমাউথের বড় জয়, বেনফিকা-লেভারকুসেনের দাপট
এ দিকে লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে বড় জয় পেয়েছে বেনফিকা। সাইপ্রাসের ক্লাব ওমোনিয়াকে ওমোনিয়াকে ৪-১ গোলে হারিয়েছে পর্তুগালের ক্লাবটি। গ্রিসের ক্লাব ওএফআই ক্রিটকে ২-০ গোলে হারায় বায়ার লেভারকুজেন। দিনের অন্য ম্যাচে ফেরেনকোভার্স ৪-১ গোলে টরেনসকে, এনইসি নিজমেগেন ৪-২ গোলে দিনামো জাগরেবকে, ইউনিয়ন সেন্ট-গিলোইজ ৪-০ গোলে হাপোয়েল বেয়ার শেভাকে এবং আন্ডারলেখট ৩-০ গোলে হারিয়েছে ইয়াগিয়েলোনিয়াকে। এনকে সেলজের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ও সালজবুর্গ। এ ছাড়া সেল্টিককে ২-১ গোলে হারিয়েছে সেল্টা ভিগো, মার্সেইয়ের বিপক্ষে ১-০ গোলের জয় স্টর্ম গ্রাজের এবং অলিম্পিয়াকোস ১-০ গোলে পরাজিত করেছে স্পার্তা প্রাগকে। ১-১ ও ২-২ গোলে ম্যাচ দু’টি ড্র হয়েছে লেচ পোজনান-সান্ডারল্যান্ড এবং বেসিকতাস-ক্রিস্টাল প্যালেসের।

Advertisement