হোসেনপুরে জনপ্রিয় হচ্ছে ফেরোমন ফাঁদ

জাহাঙ্গীর আলম হোসেনপুর (কিশোরগঞ্জ) 

Advertisement

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষিক্ষেত্রে পোকা দমনে পরিবেশবান্ধব ও কম খরচের আধুনিক প্রযুক্তি হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ‘সেক্স ফেরোমন ফাঁদ’। উপজেলার চরপুমদী, রহিমপুর, চরবিশ্বনাথপুরসহ বিভিন্ন গ্রামের কৃষকেরা রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে এই জৈব পদ্ধতি ব্যবহার করছেন। এর মাধ্যমে বিষমুক্ত সবজি উৎপাদন করে তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।
কৃষি বিভাগ সূত্র জানায়, এ প্রযুক্তিতে স্ত্রী পোকার কৃত্রিম প্রজনন হরমোনের গন্ধে পুরুষ পোকা নির্দিষ্ট পাত্রের ফাঁদে আকৃষ্ট হয়। পাত্রে থাকা সাবান পানিতে পড়ে পোকাগুলো মারা যাওয়ায় বংশবিস্তার রুদ্ধ হয়ে যায়। ফলে কীটনাশক ছাড়াই মাঠ পর্যায়ে ক্ষতিকর পোকার উপদ্রব কার্যকরভাবে কমানো সম্ভব হয়।
জামাইল গ্রামের কৃষক নবী হোসেন ও রহিমপুর গ্রামের নুরুল ইসলাম জানান, আগে প্রতি সপ্তাহে কীটনাশক কিনতে মোটা অঙ্কের টাকা খরচ হতো। এখন ফেরোমন ফাঁদ ব্যবহারের ফলে খরচ এক ধাক্কায় অনেক কমে গেছে। বিশেষ করে লাউ ও করলা ক্ষেতে ফল ছিদ্রকারী পোকা ও সাদা মাছির আক্রমণ কমে যাওয়ায় সবজির ফলন ভালো হচ্ছে। বাজারে বিষমুক্ত সবজির চাহিদা ও দাম দুটোই ভালো পাওয়া যাচ্ছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলিমুল শাহান জানান, প্রতি একর জমিতে ৩০ থেকে ৪০টি ফাঁদ ব্যবহারে দারুণ ফল পাওয়া যায়। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ায় মাঠ পর্যায়ে এর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। কৃষি বিশেষজ্ঞ ড. মো: জিয়াউল হক বলেন, ফেরোমন ফাঁদের সফল প্রয়োগ নিরাপদ খাদ্য নিশ্চিতে দেশে এক যুগান্তকারী বিপ্লব ঘটাতে পারে।
হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মুহাম্মদ মহসীন জানান, প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি নিয়মিত উপকরণ সরবরাহ ও মাঠ পর্যবেক্ষণ করা হচ্ছে। এই প্রযুক্তি উৎপাদন খরচ কমিয়ে বিষমুক্ত খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।