যুক্তরাষ্ট্রের বিমান
যুক্তরাষ্ট্রের বিমান। সংগৃহীত ছবি

কয়েক ঘণ্টা ধরে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল পুরোপুরি বন্ধ থাকার পর বিমানবন্দরগুলোতে আবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে এখনো ফ্লাইট বাতিল ও বিলম্বের ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের (১৫ নভেম্বর) মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

Advertisement

গত শুক্রবার থেকে শুরু হওয়া এই বিপর্যয়ের জন্য পুরোনো তামার তারের যোগাযোগব্যবস্থা পরিবর্তনের সময় হওয়া ত্রুটিকে দায়ী করেছে ট্রাম্প প্রশাসন।

দেশজুড়ে জারি করা এই নিষেধাজ্ঞার ফলে কোনো বিমানই উড্ডয়ন করতে পারেনি। এতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং কয়েক লাখ যাত্রী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন। এমনকি উড্ডয়নের ঠিক আগমুহূর্তে কিছু যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেন সংশ্লিষ্ট কর্মীরা। 

তবে তাদের আচরণে মনে হয়েছে, পরিস্থিতি সম্পর্কে তারা নিজেরাও অন্ধকারে ছিলেন।

শনিবার সকালে নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে ফ্লাইটের অপেক্ষায় থাকা ৪৮ বছর বয়সী লিসা বেরেইড বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘ক্লান্ত, অবসন্ন, বিরক্ত, সব মিলিয়ে একেবারে বিশৃঙ্খল অবস্থা।’

তিনি একটি বিমা প্রতিষ্ঠানে কাজ করেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রধান ব্রায়ান বেডফোর্ড জানান, শুক্রবার ১২ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। শনিবারের জন্য নির্ধারিত ৪১ হাজার ফ্লাইটের মধ্যে আরো চার থেকে পাঁচ হাজার ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল।

তবে ফ্লাইট চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ছয় হাজার ২০০ ছাড়িয়েছে।

ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বেডফোর্ড যুক্তরাষ্ট্রের বিমানযাত্রীদের কাছে ‘আন্তরিকভাবে দুঃখ প্রকাশ’ করেন। রোববার দিনের কাজ শেষ হওয়ার আগেই নিয়মিত ফ্লাইট সূচি পুরোপুরি চালু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, পুরোনো তামার তারের যোগাযোগব্যবস্থা উন্নতগতির ফাইবার অপটিক কেবলে পরিবর্তনের কাজ চলছিল। এ সময় বিমান ও রাডার ব্যবস্থার সাথে যোগাযোগে সমস্যা দেখা দেয়ায় শুক্রবার চার ঘণ্টার জন্য দেশজুড়ে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

সাংবাদিকদের ডাফি বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের ভুল অথবা যন্ত্রপাতির ত্রুটির কারণে সমস্যার সূত্রপাত হতে পারে। একপর্যায়ে এটি বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার অন্যান্য রাউটারের ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি করে।’

আরেকটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় শনিবারের সংবাদ সম্মেলনেও। পুরোনো প্রযুক্তি আধুনিকায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দের আবেদন জানাতে প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত হলেও অডিও ব্যবস্থার কারিগরি ত্রুটির কারণে সংবাদ সম্মেলন শুরু হতে দেরি হয়।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা
যুক্তরাষ্ট্রের আকাশসীমা বিশ্বের অন্যতম ব্যস্ত বিমান চলাচল এলাকা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশটির আকাশসীমায় এ ধরনের দেশব্যাপী বিমান চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়।

গত শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

বিমান চলাচল বন্ধ থাকার সময় বিভিন্ন বিমানবন্দরের দৃশ্য ছিল বিশৃঙ্খল। টার্মিনালের গেটগুলোতে যাত্রীদের ভিড় জমে যায়, রানওয়ের সংযোগপথে (ট্যাক্সিওয়ে) উড়োজাহাজগুলো অপেক্ষা করতে থাকে। আর যাত্রীরা প্রয়োজনীয় তথ্যের আশায় টার্মিনালে ছোটাছুটি করেন।

ডাফি জানান, বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে পূর্ণ কার্যক্রম পুনরুদ্ধারের পর এফএএ যুক্তরাষ্ট্রের আকাশসীমা আবার খুলে দেয়।

যুক্তরাজ্যের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ভোক্তাবিষয়ক পরিচালক টিম জনসন বলেন, যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু হলেও যাত্রীদের নতুন করে টিকিট বুকিং এবং সব ধরনের সেবা স্বাভাবিক করতে গিয়ে আরো কিছু বিঘ্ন ঘটতে পারে।

লা গার্ডিয়া বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে কেউ কেউ চলমান ভোগান্তি নিয়ে হতাশা প্রকাশ করলেও অন্যরা পরিস্থিতি মেনে নেয়ার চেষ্টা করেছেন।

ফোর্ডের ৬২ বছর বয়সী কর্মী প্যাট কারলেট বলেন, ‘আমাদের এখানে আরো কতক্ষণ আটকে থাকতে হবে, জানি না। মনে হচ্ছে আরো ৩৬ ঘণ্টা এখানেই থাকতে হবে।’

নিউইয়র্ক থেকে আলবুকার্কো যাওয়ার পথে চার ধাপে যাত্রা করার অপেক্ষায় থাকা ৭৭ বছর বয়সী স্টিভেন রাথ বলেন, ‘পুরো বিমান চলাচলব্যবস্থা এভাবে অচল হয়ে পড়বে, তা কেউ আশা করে না।’

তিনি আরো বলেন, ‘আমরা ভাগ্যবান যে পরিস্থিতি আরো দীর্ঘস্থায়ী হয়নি। আজ আবার বিমান চলছে, এ জন্য আমি কৃতজ্ঞ।’

পুরোনো অবকাঠামো নিয়ে উদ্বেগ
বিমান চলাচলে এই বিপর্যয় শুধু যুক্তরাষ্ট্রের আকাশপথেই বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, দেশটির পুরোনো ও জরাজীর্ণ অবকাঠামোর সক্ষমতা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

পরিবহনমন্ত্রী ডাফি বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়ন ও উন্নয়নের জন্য ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের আবেদন জানিয়েছেন। সরকারের অর্থ বরাদ্দের ক্ষমতা কংগ্রেসের হাতে উল্লেখ করে তিনি আইনপ্রণেতাদের দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

তবে তার এ বক্তব্যের জবাবে ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর ও প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা জেবি প্রিটজকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘অর্থহীন কথা বন্ধ করুন। ট্রাম্প ও রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণে রয়েছেন। চাইলে তারাই এই ব্যবস্থার জন্য অর্থ বরাদ্দ দিতে পারতেন।’

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল পরিবহনমন্ত্রী ডাফির পদত্যাগ দাবি করেছেন। তিনি পদত্যাগ না করলে প্রেসিডেন্ট ট্রাম্পের মাধ্যমে তাকে বরখাস্ত করার আহ্বান জানান।

এক্সে দেয়া এক পোস্টে হোকুল লিখেছেন, ‘আমরা ভাগ্যবান যে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।’

এদিকে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা এই ব্যাপক বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি সাইবার অপরাধের ঝুঁকি মোকাবেলায় দেশটির বিমান চলাচলব্যবস্থা যথেষ্ট সুরক্ষিত কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

রিপাবলিকান সিনেটর এরিক শ্মিট এক্সে বলেন, ‘আজকের ঘটনা যদি কোনো বিষয় স্পষ্ট করে থাকে, তা হলো—আমাদের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়ন করতে হবে এবং বিমানবন্দরগুলোর অবকাঠামো নতুন করে গড়ে তুলতে হবে।’

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি আন্তর্জাতিক রুটেও এই বিপর্যয়ের প্রভাব পড়ে। তবে শনিবার রাত পর্যন্ত এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কোনো প্রকাশ্য বক্তব্য পাওয়া যায়নি। সাধারণত বিভিন্ন বিষয়ে সরব থাকা ট্রাম্প এ ঘটনায় উল্লেখযোগ্যভাবে নীরব ছিলেন।

সূত্র : বাসস