
শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাষ্ট্রদ্রোহ মামলায় হালিশহর এলাকার জেলা পুলিশ লাইন্সের অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।
জাহাংগীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।
পুলিশের অভিযোগ, জাহাংগীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথেও তার সম্পৃক্ততা ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদি হয়ে পাঁচলাইশ থানায় জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। মামলার পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি দল তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) মো: আমিনুর রশিদ বলেন, ‘শনিবার মামলার পর পুলিশ ও এসআরইউর একটি দল তাকে গ্রেফতার করেছে।’
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো: আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়েছে।’
এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাংগীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি মো: আবদুল কুদ্দুছ চৌধুরী। সেদিন তার ব্যক্তিগত ও দাফতরিক দু’টি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দফতরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








