
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হতে পারে ‘আকভান’।
রোববার (১৫ নভেম্বর) রাতের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির ফলে তাপমাত্রা কমে যাওয়ায় দেশের কোথাও কোথাও মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহও অনুভূত হতে পারে।
আবহাওয়ার প্রাথমিক গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, গভীর লঘুচাপটি আপাতত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সম্ভাব্য গতিপথে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। তবে শেষ পর্যন্ত সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কোনো দিকে অগ্রসর হবে, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ সৃষ্টি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার জারি করা বিশেষ আবহাওয়া বার্তায় পরের নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য জেলেদের প্রতি অনুরোধ জানানো হয়।
এর আগে, ২০০৭ সালের ১৫ নভেম্বর ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর ঘণ্টায় প্রায় ২২৩ কিলোমিটার বেগে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে। ক্যাটাগরি-৫ মাত্রার এ ঘূর্ণিঝড়ে হাজার হাজার মানুষ প্রাণ হারান।
এরও আগে, ১৯৭০ সালের ১২ নভেম্বর ভয়াবহ ভোলা ঘূর্ণিঝড়ে প্রায় ৩০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্রাণ হারান কয়েক লাখ মানুষ। ইতিহাসের এই দুই ভয়াবহ দুর্যোগের কারণে নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট যেকোনো লঘুচাপ ঘিরেই বাড়তি সতর্কতা তৈরি হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








