২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস
ঢাকা থেকে কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস ট্রেন।

  পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Advertisement

আগামী ২৬ অক্টোবর থেকে রাজধানী ঢাকা থেকে কক্সবাজারে ছুটবে  মহানগর এক্সপ্রেস নামে আরো একটি বিশেষ ট্রেন। গতকাল বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (গণসংযোগ) আনিসুর রহমান নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই সিদ্ধান্ত মোতাবেক ২৬ অক্টোবর সকাল সাড়ে ৮টায় মহানগর এক্সপ্রেস টেনটি পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করবে বলে জানান।
জানা গেছে, ওই বিশেষ ট্রেনটি রাজধানী ঢাকা বন্দরনগরী চট্টগ্রামের মধ্যে চলাচল সীমাবদ্ধ ছিল, এখন সেটি কক্সবাজার পর্যন্ত চলাচল করবে।
বর্তমানে ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম হয়ে কক্সবাজার চলছে দু’টি ট্রেন একটি কক্সবাজার এক্সপ্রেস (৮১৩/৮১৪) অপরটি  পর্যটক এক্সপ্রেস (৮১৫/৮১৬)। আর চট্টগ্রাম থেকে কক্সবাজার চলাচল করে দু’টি ট্রেন একটি সৈকত এক্সপ্রেস (৮২১/৮২২) অপরটি প্রবাল এক্সপ্রেস (৮২৩/৮২৪)।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে মহানগর এক্সপ্রেস টেনটি ১২টি স্টেশনে যাত্রাবিরতি দেবে। কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেসের মতো এটি বিরতিহীন নয়। তবে নতুন সূচি অনুযায়ী চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। কমলাপুর কক্সবজার ছাড়া ট্রেনটি  ঢাকা বিমানবন্দর নরসিংদী ভৈরব বাজার আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কসবা কুমিল্লা লাকসাম নাঙ্গলকোট ফেনী ও চট্টগ্রামে যাত্রাবিরতি করবে বলে জানা গেছে।