দাঁতের চিকিৎসা, দাঁত, ডেন্টাল ক্লিনিক, স্বাস্থ্য বিভাগের অনুমোদন, স্বাস্থ্য বিভাগ, বিডিএস চিকিৎসক, দক্ষ জনবল, ভুল চিকিৎসা, চিকিৎসার সরঞ্জাম, প্রশিক্ষিত টেকনিশিয়ান, সিভিল সার্জন কার্যালয়, ভ্রাম্যমাণ আদালত
এক রোগীকে দাঁতের চিকিৎসা দেয়া হচ্ছে। নয়া দিগন্ত

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে উল্টো ভোগান্তিতে পড়ছেন রোগীরা। বাইরে আধুনিক সাজসজ্জা, ভেতরে চিকিৎসার সরঞ্জাম—সবই আছে। কিন্তু নেই স্বাস্থ্য বিভাগের অনুমোদন, বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক কিংবা প্রয়োজনীয় দক্ষ জনবল। 

Advertisement

বরিশালের উজিরপুরে এভাবেই চলছে ১০টি ডেন্টাল ক্লিনিক। উপজেলার ১৯টি ডেন্টাল ক্লিনিকের মধ্যে এসব প্রতিষ্ঠানের নাম নেই জেলা সিভিল সার্জন কার্যালয়ের তালিকায়। ভুল চিকিৎসার কারণে কেউ কেউ দাঁত হারিয়েছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন সরেজমিনে ঘুরে দেখা গেছে, হারতা, শোলক, সাতলা ও শিকারপুর এলাকায় অনুমোদনহীন ডেন্টাল ক্লিনিকের উপস্থিতি বেশি। কয়েকটি প্রতিষ্ঠানে ছোট কক্ষে দাঁতের চিকিৎসার সরঞ্জাম রাখা হয়েছে। তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি ও দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। ক্লিনিকের বাহ্যিক সাজসজ্জা দেখে রোগীরা চিকিৎসা নিতে এলেও চিকিৎসকের যোগ্যতা কিংবা প্রতিষ্ঠানের বৈধতা সম্পর্কে তাদের অনেকেরই ধারণা নেই।

সিভিল সার্জন কার্যালয়ের নীতিমালা অনুযায়ী, ডেন্টাল ক্লিনিক পরিচালনার জন্য স্বাস্থ্য বিভাগের অনুমোদন, বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক, প্রশিক্ষিত টেকনিশিয়ান ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম থাকা বাধ্যতামূলক। নির্ধারিত ফি জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রও সম্পন্ন করতে হয়। তবে উজিরপুরের ১০টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এসব শর্ত পূরণের তথ্য পাওয়া যায়নি।

সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় নাম নেই এমন প্রতিষ্ঠানগুলো হলো—হারতা বন্দরের মা ডেন্টাল কেয়ার, ধামুরা বন্দরের মোল্লা ডেন্টাল, সাতলার মিঠু ডেন্টাল, জল্লার শিখা ডেন্টাল ও মামনি ডেন্টাল, বড়াকোঠার ডাবেরকুল বাজারের ইসলামিয়া ডেন্টাল, ওটরার মাহাতাব ডেন্টাল, বামরাইলের জহুরা ডেন্টাল, শিকারপুরের জয়শ্রী বাসস্ট্যান্ডের শাহরা ডেন্টাল এবং গুঠিয়ার অনন্যা ডেন্টাল কেয়ার।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব প্রতিষ্ঠানে চিকিৎসার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। ভুল চিকিৎসায় কেউ কেউ আরো জটিল সমস্যায় পড়ছেন। 

শোলক ইউনিয়নের বাসিন্দা তহমিনা আক্তার জানান, একটি ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়ে তিনি ভোগান্তিতে পড়েন। চিকিৎসার পর তার মাড়ি থেকে পুঁজ বের হতে থাকে। পরে অন্য চিকিৎসকের কাছে গিয়ে দাঁত ফেলে দিতে হয়।

একই ইউনিয়নের তাসলিমা বেগম জানান, দীর্ঘদিন দাঁতের ব্যথায় ভুগে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েও সুস্থ হননি। পরে বরিশালে গিয়ে চিকিৎসক দেখানোর পর কিছুটা সুস্থ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অনুমোদনহীন ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে আগেও ব্যবস্থা নেয়া হয়েছিল। গত বছরের জুলাই মাসে কয়েকটি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হয়। তবে কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ হলেও অন্যগুলো এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শামীম আক্তার বলেন, ‘২০২৬ সালের শেষের দিকে সিভিল সার্জন কার্যালয় থেকে ডেন্টাল ক্লিনিকগুলোর বিষয়ে প্রতিবেদন চাওয়া হয়েছিল। তদন্ত করে একটি ডেন্টাল ক্লিনিকেরও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়।’

বরিশাল জেলা সিভিল সার্জন ডা: মো: সাইয়েদুর রহমান বলেন, ‘ডেন্টাল ক্লিনিক পরিচালনার ক্ষেত্রে নিবন্ধন ও নির্ধারিত যোগ্যতাসম্পন্ন চিকিৎসক থাকা বাধ্যতামূলক। সেখানে অবশ্যই বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক দায়িত্বে থাকতে হবে। অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

উজিরপুরের ইউএনও মো: আলী সুজা বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা বিষয়টি জানালে অনুমোদনহীন ডেন্টাল ক্লিনিকগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।’