জাতির প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাড. জুবায়ের

 সিলেট ব্যুরো
 
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশ ও জাতির কাক্সিক্ষত প্রত্যাশা পূরণে জামায়াতের সব পর্যায়ের জনশক্তিকে কাজ করে যেতে হবে। জামায়াত আর্তমানবতার কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি বাংলাদেশে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সবপর্যায়ে আমানতদারিতা ও জবাবদিহি নিশ্চিত করতে চায়।
তিনি গতকাল শুক্রবার সিলেট নগরীর এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আমির নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, জামায়াত একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সংগঠন। রুকনদের প্রত্যক্ষ ভোটে সিলেট মহানগরের নতুন আমির নির্বাচিত হবেন। সংগঠনের সবপর্যায়ে এভাবেই দায়িত্বশীল নির্বাচন করা হয়। 
তিনি বলেন, সংগঠনের দায়িত্ব পাওয়া কোনো পদমর্যাদার বিষয় নয়, বরং এটি একটি আমানত। এ দায়িত্ব পালনে ব্যক্তিগত স্বার্থ, আরাম-আয়েশ ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। প্রতিটি দায়িত্বশীলকে নিজের কাজের হিসাব দেয়ার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে মানুষের কল্যাণে ভূমিকা রাখার পাশাপাশি সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে দায়িত্বশীলদের সর্বোচ্চ আন্তরিকতা ও দৃঢ়তা নিয়ে কাজ করতে হবে।
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় পরিচালক অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন। সম্মেলনে বক্তব্য রাখেন- মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ।

Advertisement