মিরসরাইয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
মিরসরাইয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

Advertisement

মিরসরাইয়ে উপজেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ১১ বছর বয়সী শিশু হাফেজ মোহাম্মদ ওসামা। ১৮৬ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করে সে। এ সাফল্যে তাকে সংবর্ধনা দিয়েছে তার শিক্ষাপ্রতিষ্ঠান মাদানিয়া ইমাম হাফস (রা.) মাদরাসা।
শুক্রবার  জুমার নামাজের পর মিরসরাই মডেল মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসার প্রধান হাফেজ মাওলানা মো: ইরফানুল হকের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত শিশু হাফেজ উসামার বাবা ওমর ফারুক, সাংবাদিক আশরাফ উদ্দিন ও সাংবাদিক ইউসুফ। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
মাদরাসার প্রধান হাফেজ মাওলানা মো: ইরফানুল হক জানান, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৮৬ জন হাফেজ অংশ নেয়। এর মধ্যে মাদানিয়া ইমাম হাফস (রা.) মাদরাসার আটজন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন ধাপে কৃতিত্বের পরিচয় দেয়। তাদের মধ্যে শিশু হাফেজ মোহাম্মদ উসামা ৩০ পারা বিভাগে প্রথম স্থান অর্জন করে।
উসামার বাবা ওমর ফারুক বলেন, আমি বাংলা শিক্ষিত, আরবি জানি না। তাই ছেলেকে আরবি শেখানোর জন্য মাদরাসায় দিয়েছি। আমার ছেলে পবিত্র কুরআন শিখেছে। সে যেন কুরআনের শিক্ষা নিজের জীবনে ধারণ করতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চাই।