ফুটবল টুর্নামেন্ট, উদ্বোধনী অনুষ্ঠান, বেলুন, শিক্ষার্থী, শিক্ষার্থী পুনর্মিলনী, সিলেট জেলা পরিষদের প্রশাসক,  আবুল কাহের চৌধুরী শামীম, ধারাভাষ্যকার, অতিথি
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম। নয়া দিগন্ত

সিলেট নগরীর পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ‘প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী-২০২৬’ উপলক্ষে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

Advertisement

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বিদ্যালয় মাঠে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, এটি মনকে প্রফুল্ল রাখে ও মানুষের মধ্যকার পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরো দৃঢ় করে তোলে।’

তিনি আরো বলেন, ‘পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এই পুনর্মিলনী উৎসবকে কেন্দ্র করে যে সুন্দর ক্রীড়া আয়োজনের উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। এ ধরনের আয়োজন পারস্পরিক মেলবন্ধনকে আরো সুদৃঢ় করবে।’

প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান রাজার সভাপতিত্বে ও সদস্য সচিব দেবজ্যোতি মজুমদার রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদ, গভর্নিং বডির সভাপতি আ্যাডভোকেট আব্দুল মুকিত জাহাঙ্গীর, আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান শফিক, যুগ্ম সচিব ফয়জুল হক, আফছর খান, আজিজ খান সজিব, মকবুল হেসেন, রিয়াজ মিয়া, জেলা পরিষদ প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদ, খেলার ধারাভাষ্যকার বিষ্ণুপদ ঘোষ প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি টুর্নামেন্টে অংশ নেয়া প্রাক্তন শিক্ষার্থীদের দুটি দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন ও তাদের উৎসাহ দেন। উদ্বোধনী খেলায় উৎসুক দর্শক ও প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।