
প্রথমবারের মতো আয়োজিত জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশ টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন চট্টগ্রামের ইরফান সাবরি তাকরির, বল হাতে দাপট দেখিয়েছেন ঢাকার ইয়াসিন হোসেন।
আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক ইরফান, আর সর্বোচ্চ উইকেটশিকারি ইয়াসিন। দুজনের পারফরম্যান্সেই ফুটে উঠেছে দ্বিতীয় একাদশের এই আসরে তরুণ ক্রিকেটারদের সামর্থ্য।
ব্যাট হাতে শুরু থেকেই ধারাবাহিক ছিলেন ইরফান। ১০ ইনিংসে দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটিতে ৬০.২০ গড়ে করেছেন ৬০২ রান। প্রথম দুই রাউন্ডেই সেঞ্চুরি তুলে নিয়ে নিজের আগমনী বার্তা দেন এই তরুণ ওপেনার।
দারুণ পারফরম্যান্সে জায়গা করে নেন চট্টগ্রামের মূল একাদশেও। সেখানে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেই খেলেন ১০৪ রানের ইনিংস। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সেঞ্চুরি করা চতুর্থ ব্যাটসম্যান তিনি।
ব্যাটসম্যানদের তালিকায় ইরফানের পরেই রয়েছেন সিলেটের মাজহারুল হক। ১১ ইনিংসে একটি সেঞ্চুরি ও চারটি ফিফটিতে তার সংগ্রহ ৫৩২ রান। খুলনার বিপক্ষে খেলেছেন ১৭০ রানের ইনিংস। ৫৩১ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন চট্টগ্রামের ওমর হাসান।
অন্যদিকে বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন ঢাকার বাঁহাতি স্পিনার ইয়াসিন হোসেন। ছয় ম্যাচের ১২ ইনিংসে তার শিকার ৪৭ উইকেট। মূল একাদশের স্কোয়াডে থাকায় দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি।
তারপরও উইকেটশিকারিদের তালিকায় সবার ওপরে জায়গা করে নিয়েছেন। ফাইনালে খুলনার বিপক্ষে দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে ঢাকার শিরোপা জয়ে বড় অবদান রাখেন ইয়াসিন।
টুর্নামেন্টে ইয়াসিনের সেরা বোলিং চট্টগ্রামের বিপক্ষে। ওই ম্যাচে এক ইনিংসে ১৪৯ রান দিয়ে নিয়েছিলেন ৮ উইকেট। রাজশাহীর বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নেয়ার কৃতিত্বও রয়েছে তার।
তবে এক ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ডটি খুলনার আওলাদ হোসেনের। বরিশালের বিপক্ষে ১৩৬ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন তিনি।
বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ময়মনসিংহের বাঁহাতি স্পিনার রাকিবুল আতিক। তার শিকার ৩৭ উইকেট। ৩৩টি করে উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে ঢাকার আশরাফুল ইসলাম ও রংপুরের লিওন ইসলাম।
ব্যাটিং ও বোলিংয়ের শীর্ষস্থানীয়দের পাশাপাশি টুর্নামেন্টে আরো কয়েকজন ক্রিকেটার নজর কেড়েছেন। দ্বিতীয় একাদশে ভালো খেলে মূল একাদশে জায়গা করে নিয়েছেন ইরফান, মাজহারুল ও ওমর হাসানের মতো ক্রিকেটাররা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








