ম্যাপ
যশোরের ম্যাপ। নয়া দিগন্ত

দীর্ঘ ৫৫ বছর ধরে ভূমি অফিস নেই যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে। এ কারণে ভূমি সংক্রান্ত সেবা নিতে ইউনিয়নের মানুষকে ছুটতে হয় ১০ কিলোমিটার দূরের নারিকেলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে। ফলে, দুর্ভোগে পড়তে হচ্ছে রায়পুর ইউনিয়নের ১৭ গ্রামের মানুষের। নারিকেলবাড়িয়া ইউনিয়নে গিয়ে ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই বঞ্চনা ও দুর্ভোগ থেকে মুক্তি পেতে অবিলম্বে রায়পুর ইউনিয়নে একটি স্থায়ী ভূমি অফিস স্থাপনের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Advertisement

এলাকার লোকজন জানিয়েছেন, রায়পুর ইউনিয়নে ১৭টি গ্রাম রয়েছে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী-এই ইউনিয়নের জনসংখ্যা প্রায় ২২ হাজার। মৌজা রয়েছে ১৫টি। আয়তন ৪৬ দশমিক ৬২ বর্গ কিলোমিটার। 

রায়পুর ইউনিয়নের মানুষকে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, পর্চা তোলাসহ জমি-জমা সংক্রান্ত যেকোনো কাজের জন্য দূরবর্তী নারিকেলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে যাতায়াত করতে হয়। যাতায়াত ব্যবস্থা ও দূরত্বের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে বৃদ্ধ ও নারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেবা নিতে গিয়ে অনেক সময় একদিনে কাজ না হওয়ায় বারবার যাতায়াতে খরচ করতে হচ্ছে অতিরিক্ত টাকা। 

রায়পুর ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা মাওলানা আবু বকর বলেন, ‘ইউনিয়নে ভূমি অফিস না থাকায় আমাদের যেতে হয় নারিকেলবাড়িয়ায়। সেখানে ভূমি সংক্রান্ত কাজে গিয়ে হয়রানির শিকার হতে হয়। ২০২৫ সালের ডিসেম্বর মাসে একটি কাজে গিয়ে চার মাস পর সেই কাজের রিপোর্ট গেছে বাঘারপাড়া উপজেলা ভূমি অফিসে। এখনো উপজেলা ভূমি অফিস থেকে আমার ভূমি সার্ভে করতে আসেনি। ইউনিয়নে ভূমি অফিস থাকলে আমরা আরও দ্রুত সমস্যার সমাধান পেতাম।’ 

রায়পুর গ্রামের শাহিনুর রহমান শাহিন বলেন, ‘ইউনিয়ন ভূমি অফিস না থাকায় আমাদের অতিরিক্ত অর্থ খরচ করে যাতায়াত করতে হয় নারিকেলবাড়িয়ায়। সেখানে একজন মানুষের পুরো দিন কেটে যায়। অনেক সময় ভিড়ের কারণে সমস্যার সমাধান না করেই ফিরে আসতে হয়। এলাকাবাসীর প্রাণের দাবি রায়পুরে অবিলম্বে ভূমি অফিস স্থাপন করা হোক। আমরা এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

রায়পুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আজিজুল হক বলেন, ‘আমার জানামতে প্রতিটি ইউনিয়নে ভূমি অফিস আছে। রায়পুরেও থাকার কথা। কিন্তু কেনো নেই তার কারণ আমার জানা নেই। যেহেতু বিষয়টি উপজেলা ভূমি অফিসের ব্যাপার, আমি সেখানে যোগাযোগ করে বলতে পারব।’ 

বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান মিশু বলেন, ‘উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে ভূমি অফিস রয়েছে ছয়টি। রায়পুরে আলাদা ভূমি অফিস নেই। এই ইউনিয়নে ভূমি অফিস স্থাপনের পরিকল্পনা সরকারের আছে কিনা এমন তথ্যও আমার জানা নেই।’

যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল বলেন, ‘রায়পুর বাঘারপাড়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। জনসংখ্যাও বেশি। এই ইউনিয়নে কোনো ভূমি অফিস না থাকায় হাজার হাজার মানুষকে নারিকেলবাড়িয়া ভূমি অফিসে যেতে হয়। আমি বিষয়টি নিয়ে ভূমি মন্ত্রণালয়ে কথা বলব। ডিও লেটার দিয়ে যাতে দ্রুত ভূমি অফিস স্থাপন যায় সেই চেষ্টা করব।’