
পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিসহ মোট পাঁচটি চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক ও কাতার। শুক্রবার (১৩ নভেম্বর) ইস্তাম্বুলে অনুষ্ঠিত তুরস্ক-কাতার উচ্চ কৌশলগত কমিটির দ্বাদশ বৈঠকে এসব চুক্তি স্বাক্ষর করা হয়।
দ্বিপক্ষীয় ও প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে প্রেসিডেন্সিয়াল দোলমাবাহচে কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরদোগান ও শেখ তামিম পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন।
এছাড়া তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত এবং কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি বিন ফয়সাল আল থানি ভোক্তা সুরক্ষা, বাজার তদারকি ও পরিদর্শনের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
শিক্ষাক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন তুরস্কের শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন এবং কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফি।
অন্যদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি শান্তি প্রতিষ্ঠা, পুনর্মিলন ও সংঘাত নিরসনের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
এছাড়া কমিটির দ্বাদশ বৈঠক উপলক্ষে দুই মন্ত্রী একটি যৌথ ঘোষণাপত্রেও স্বাক্ষর করেন।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








