
কামরুজ্জামান চরফ্যাসন (ভোলা)
শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত বন্ধ হওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ভোলার চরফ্যাসনের জ্যাকব টাওয়ার চত্বর। বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার দেখতে প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। ২২৫ ফুট উচ্চতার ১৬ তলাবিশিষ্ট এই টাওয়ারটি আইফেল টাওয়ারের আদলে নির্মিত। ২০১৮ সালের ১৬ জানুয়ারি উদ্বোধনের পর থেকে এটি দক্ষিণাঞ্চলের পর্যটনের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। টাওয়ারটির স্থপতি কামরুজ্জামান লিটন।
টাওয়ারের ওপর থেকে ১০০ বর্গকিলোমিটার এলাকা পর্যন্ত এক নজরে দেখা যায়। বিশেষ ক্ষমতাসম্পন্ন বাইনোকুলার দিয়ে দেখা যায় তারুয়া সমুদ্র সৈকত, চর কুকরি-মুকরি, তেঁতুলিয়া ও মেঘনা নদীর মোহনা এবং বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি। প্রতিটি তলায় ৫০ জন এবং পুরো টাওয়ারে একসাথে ৫০০ জন দর্শনার্থী অবস্থান করতে পারেন। সম্প্রতি ছুটির দিনগুলোতে ভিড় কয়েকগুণ বেড়েছে। পরিবার-পরিজন নিয়ে আসছেন পর্যটকরা।
রাজধানী ঢাকা থেকে ঘুরতে আসা দর্শনার্থী তালহা বলেন, ‘উপর থেকে চারপাশের দৃশ্য অসাধারণ। মনে হয় পুরো ভোলা যেন হাতের মুঠোয়।’
স্থানীয় ব্যবসায়ীরা জানান, টাওয়ারকে কেন্দ্র করে ফ্যাসন স্কয়ার, খাসমহল জামে মসজিদ ও আশপাশের দোকানগুলোতে বেচাকেনা বেড়েছে।
চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার মেয়র রুমানা আফরোজ বলেন পর্যটকদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পৌরসভায় কর্মরত কর্মচারীরা নিয়মিত চেষ্টা করে যাচ্ছে।
ভোলার পর্যটন সম্ভাবনাকে এগিয়ে নিতে জ্যাকব টাওয়ার এখন আশার বাতিঘর হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








