আগডুম বাগডুম কবিতা গুলি
আগডুম বাগডুম কবিতা গুলি।



দেশটা গড়ে তুলতে হবে
মিয়া ইব্রাহিম 

Advertisement

সকাল সন্ধ্যা দিনে রাতে 
ধারালো সব অস্ত্র হাতে 
মুখোশ পরা কারা?
রাস্তা ঘাটে বখাটে ছেলে 
লেখাপড়ার ঝাঁপি ফেলে 
গ্যাং স্টার হয় তারা!

রাজনীতিরই তকমা দিয়ে 
চান্দাবাজি করছে গিয়ে 
করছে অপকর্ম 
করছে কত খুন খারাপি 
এটা তাদের পেশা নাকি? 
এটাই তাদের ধর্ম ?

করছে যারা এই বাজে কাজ
নিঃসন্দেহে এ ধান্দাবাজ 
দেশের সম্পদ করছে তারা- লুট
মুখোশ খুলে দিতে হবে 
দেশটা গড়ে তুলতে তবে 
রুখতে হবে গ্যাং স্টারের জোট ।

 


হাসতে ভালোবাসি 
মাসুম হাসান 

রোজ সকালে সূর্য হাসে
চাঁদ হাসে ভাই রাতে
মিটিমিটি তারা হাসে
চাঁদের সাথে সাথে। 

পাখি হাসে রঙিন ঠোঁটে
মুচকি হাসে মাছ
পরীর রাজ্যে হাসির খেলা
চলে বারো মাস। 

মাঠে হাসে সোনার ফসল
প্রাণ খুলে ফুল হাসে
মুক্তোদানার মতো শিশির
হাসে দূর্বাঘাসে। 

সবচেয়ে প্রিয় মিষ্টি মধুর 
মায়ের মুখের হাসি
আমরা শিশুকিশোর অনেক 
হাসতে ভালোবাসি।

 

 

তোতা ভাই
আরজাত হোসেন 

তোতাপাখি তোতাপাখি 
তুমি নাকি কথা বলো মানুষের মতো 
বলো দেখি বলো দেখি 
ফুল, ফল, গাছপালা আরো আছে যত! 

শুনো ভাই তোতাপাখি 
বড় করে তুমিও কি ছড়া পাঠ করো
প্রতিদিন খুব ভোরে 
আগে আগে উঠে তুমি মক্তবে পড়ো ? 

নাকি তুমি শুধু শুধু 
ডালে বসে সারাদিন গান গেয়ে যাও
তোতা ভাই তোতা ভাই 
তবে আজ আমাকেও গানটি শুনাও।  

না শোনালে সব কিছু বলে দেবো মাকে 
তাই বলি গান করো সময়ের ফাঁকে।

 


ধানের ক্ষেতে 
সফিউল্লাহ আনসারী 

হাল্কা শীতের পরশ নিয়ে 
হেমন্ত আজ গাঁয়ে 
হরেক রঙের পাল উড়েছে
মাঝির খেয়া নায়ে।

শিশির ভেজা নরোম ভোরে 
সবুজ কচি ঘাসে 
শান্ত সকাল মৃদু হাওয়ায় 
ঝিকিমিকি হাসে। 

হেমন্তকাল পাড়াগাঁয়ে 
হলদে ধানের ক্ষেতে 
সরল কৃষক ফসল কাঁটায়
মাঠজুড়ে রয় মেতে।

 


হেমন্ত 
মুহা: জিহাদুল ইসলাম 

সোনার রঙে রঙিন হলো
হেমন্তের-ই মাঠ
আসবে ঘরে সোনার ফসল 
ভরবে উঠোন-ঘাট।

নবীন চালের পিঠাপুলি
পড়বে খাওয়ার ধুম
নবান্নতে মাতবে সবাই 
থাকবে না তো ঘুম।

 

 

সবুজ রূপের দেশ
জিসান মেহবুব

সূর্য উঠলে হেসে ওঠে এক, সবুজ রূপের দেশ
ফুল-ফসলের ঢেউ খেলে যাওয়া, স্বপ্নীল পরিবেশ
পাখি উড়ে উড়ে ছুঁয়ে যেতে চায়, আকাশের গাঢ় নীল
হাওর-বাঁওড়ে শাপলা-শালুক, ফুটে করে ঝিলমিল।

আঁকাবাঁকা নদী চলার ছন্দ, মাঝির কণ্ঠে পায়
ছায়াঢাকা পথে একাকী পথিক, আরামসে হেঁটে যায়
যখন যেমন ইচ্ছেমতন, বৃষ্টি শোনায় গান
দখিনা হাওয়ায় উদাস উদাস, মন করে আনচান।

মাঠের সবুজ হাতছানি দেয়, অবাক রূপের ঢেউ
গান-কবিতার আসর জমিয়ে, ডাকে যেন মন কেউ
পরতে পরতে রূপের ঝিলিক, দেখেও মেটে না তেষ
অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া, আমার বাংলাদেশ।

 

 

কুটুস কুটুস 
শেখ সালমান শাহী 

কুটুস কুটুস ঘুণ পোকারা 
পেলে কুরে কাঠ
ঘরের চালি বেড়া কুরে 
কুরে টেবিল খাট।

কুটুস কুটুস রাতে ইঁদুর
চাল ধান খায়
সবাই যখন গভীর ঘুমে
অচিনপুরে যায়।

 

 

পড়তে বসো
হাফিজ মুহাম্মদ 

সকালবেলা কিচিরমিচির 
পাখি ডাকা ভোর;
খোকাখুকি পড়তে বসো
আওয়াজ আসে দোর।