পুলিশ
এসপি জাহাংগীর। সংগৃহীত

আওয়ামী লীগের হাতে গোপন তথ্য তুলে দেয়ার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisement

রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এবং পাঁচলাইশ থানা পুলিশ।

একই রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি করেন। 

জাহাংগীর আলমের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। ১০ নভেম্বর জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও সরকারি দু’টি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা এসবিতে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

তদন্ত কমিটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী এসপি জাহাঙ্গীর আলমকে তার দফতরে ডেকে পাঠান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তার যোগাযোগ এবং তথ্য ফাঁসের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তথ্য ফাঁসের আলামত পাওয়ার পর তার দু’টি ফোন জব্দ করা হয়।

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, ফ্যাসিস্টদের সাথে যোগাযোগের সুনির্দিষ্ট অভিযোগের মামলায় এসপি জাহাংগীরকে গ্রেফতার করে পাঁচলাইশ থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিআইজি গণমাধ্যমকে বলেন, ‘পরবর্তী আইনানুগ পদক্ষেপ প্রশাসনিক কিছু বিষয়ে এসপি জাহাংগীর আলমকে ডাকা হয়েছিল। এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

জাহাঙ্গীর আলম ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।