
দ্য গার্ডিয়ান
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড অচল করে দিয়ে বিশাল গণসমাবেশ ও পদযাত্রা করেছে দেশটির ছাত্র আন্দোলন। আগামীকাল রোববারের নির্বাচনে বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আলেকজান্ডার ভুচিচের দীর্ঘ চৌদ্দ বছরের ক্ষমতাসীন দলকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন আনতে সাধারণ শিক্ষার্থী ও নাগরিক সমাজ ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশ করেছে। শিক্ষার্থী, তরুণ সমাজ ও সার্বিক জনসমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বৃহৎ গণজমায়েতে প্রায় দেড় লাখ মানুষের সমাগম ঘটে। রাজনৈতিক কাঠামোর বাইরে গঠিত ‘স্টুডেন্ট লিস্ট’ নামক অরাজনৈতিক ও নেতৃত্বহীন এই ফ্রন্টে মূলত বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, বুদ্ধিজীবী এবং রাজনীতির বাইরে থাকা প্রগতিশীল নতুন মুখদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের লক্ষ্য রোববারের নির্বাচনে বিজয়ী হয়ে সার্বিয়ার প্রগতিশীল পার্টির চৌদ্দ বছরেরও বেশি সময় ধরে চলে আসা দক্ষিণপন্থী পপুলিস্ট শাসনের অবসান ঘটানো।
তবে দেশটির সুশীলসমাজের প্রতিনিধিরা অভিযোগ তুলেছেন যে, পুরো নির্বাচনী প্রচারণাকালে সরকারের পক্ষ থেকে ভয়ভীতি প্রদর্শন, বেআইনি গ্রেফতার এবং প্রশাসনিক ক্ষমতার ব্যাপক অপব্যবহার করা হয়েছে। সমাবেশে উপস্থিত হয়ে মারিজা নেদেলকোভিক রাডিক নামের ৪৭ বছর বয়সী এক নারী জানান, তরুণদের এই আহ্বানে সাড়া দিয়ে তিনি মাঠে নেমেছেন। কারণ এই প্রজন্মই তাকে সার্বিয়াকে একটি স্বাভাবিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার নতুন স্বপ্ন দেখিয়েছে। তিনি যোগ করেন, জীবনের এই প্রথম তিনি বিশ্বাস ফিরে পেয়েছেন যে এই রাজনৈতিক পরিবর্তন সত্যিই সম্ভব। গত বৃহস্পতিবার বিকেলে বেলগ্রেডের কেন্দ্রীয় স্লাভিজা স্কোয়ারে চারিদিক থেকে জনস্রোত এসে মিলিত হলে আশপাশের সড়কগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ‘ছাত্ররাই জিতবে’ লেখা ব্যানার-পতাকা প্রদর্শন, বিভিন্ন স্লোগান এবং বাঁশি বাজিয়ে হাজার হাজার মানুষ বেলগ্রেডের রাজপথ প্রদক্ষিণ করে সমাবেশস্থলে জমা হন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








