
সিরিয়ার কাছে বড় হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে লোডভিক ডি ক্রুইফের দল।
এই জয়ে ‘সি’ গ্রুপে পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার পাশাপাশি পরের ম্যাচের আগে আত্মবিশ্বাসও ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে শনিবার বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হয় বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই হেদায়েত উল্লাহর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মহিন আহমেদ। দুই গোলে এগিয়ে থেকেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ।
২৮তম মিনিটে বায়েজিদ বোস্তামির গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। প্রথমার্ধেই কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ডি ক্রুইফের শিষ্যরা।
বিরতির পরও গোলের সুযোগ তৈরি করতে থাকে দলটি। বদলি হিসেবে নেমে ইয়াসিন আরাফাত চতুর্থ গোলটি করলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এর আগে বাছাইপর্বের প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৫-১ গোলে হেরে হতাশাজনকভাবে অভিযান শুরু করেছিল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে এই জয় সেই হারের ক্ষতে কিছুটা প্রলেপ দেয়ার পাশাপাশি গ্রুপের লড়াইয়ে টিকে থাকার আশাও বাড়িয়েছে।
‘সি’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ ম্যাকাও। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে ম্যাচটি। দুই দলেরই পয়েন্ট এখন তিন। অন্যদিকে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়া নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট করে নিয়ে এগিয়ে আছে।
ফলে পরের ম্যাচে জয় পেলে গ্রুপের শীর্ষ দুইয়ে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারবে বাংলাদেশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








