
ইসরাইলি হামলায় গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের এক সিনিয়র নেতা নিহত হয়েছেন। হামাস এ খবর নিশ্চিত করেছে।
এর আগে ইসরাইলি সেনাবাহিনী রোববার জানিয়েছে যে, তারা হামাসের সশস্ত্র শাখার একজন জ্যেষ্ঠ কমান্ডারের ওপর হামলা চালিয়েছে।
অন্যদিকে, হামাসের সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে যে, খান ইউনিসে চালানো ওই হামলায় হামাসের সশস্ত্র শাখার শীর্ষ কমান্ডার সামির আবু ইউনুস নিহত হয়েছেন।
পরে হামাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, রোববার বিকেলে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে তার জানাজা অনুষ্ঠিত হবে।
৫৩ বছর বয়সী আবু ইউনুস হামাসের সশস্ত্র শাখার রাফাহ ব্রিগেডের কমান্ডার ছিলেন। তিনি ১৯৯১ সাল থেকে আল-কাসসাম ব্রিগেডের সদস্য ছিলেন এবং রাফাহ অঞ্চলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশনাল দায়িত্বে নিয়োজিত ছিলেন।
চিকিৎসকরা জানিয়েছেন, খান ইউনিসের মাওয়াসি এলাকার একটি সড়কে তাকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় আবু ইউনুস নিহত হন এবং আরো কয়েকজন আহত হন।
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি বড় ধরনের সংঘাত থামালেও ইসরাইলি হামলা পুরোপুরি বন্ধ করতে পারেনি কিংবা হামাসকে নিরস্ত্র করাও সম্ভব হয়নি।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১,৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে পাঁচজন ইসরাইলি সেনাও প্রাণ হারিয়েছেন।
সূত্র : আরব নিউজ
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








