যুক্তরাষ্ট্র, ইউক্রেন, দনবাস, ন্যাটো, রাশিয়া, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ভলোদিমির জেলেনস্কি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভ্লাদিমির পুতিন, মস্কো, মার্কিন রাষ্ট্রদূত, ওয়াশিংটন, শান্তিআলোচনা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জ্যারেড কুশনার, ডোনাল্ড ট্রাম্প, মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ, ইলন মাস্ক, স্পেসএক্স, আলোচনা সভা, ত্রিপক্ষীয় আলোচনা, মধ্যস্থতা, ইউক্রেনীয় ড্রোন, ড্রোন, ক্রেমলিন, ইউরোপীয় নিরাপত্তা অবকাঠামো, বিপজ্জনক, ইউরোপ
বাঁয়ে ডোনাল ট্রাম্প, মাঝে ভ্লাদিমির পুতিন ও ডানে ভলোদিমির জেলেনস্কি। সংগৃহীত

সাম্প্রতিক আলোচনার সময় যুক্তরাষ্ট্র ন্যাটো সদস্যপদের বিনিময়ে রাশিয়ার কাছে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল ছেড়ে দেয়ার ধারণা দিয়েছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন।

Advertisement

সাংবাদিকদের জেলেনস্কি বলেন, ‘মার্কিন আলোচকরা এ প্রশ্নটি তুলেছিলেন এবং এ ধরনের প্রস্তাব ‘প্রথমবারের মতো’ উত্থাপন করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরেই এই অঞ্চলটি দখল করতে চেয়েছেন, এবং ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পেছনে ইউক্রেনের সম্ভাব্য ন্যাটো সদস্যপদকে অন্যতম কারণ হিসেবে দেখিয়েছিলেন।’

দনবাসের বেশির ভাগ অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, যদিও অঞ্চলটিতে মস্কোর দীর্ঘস্থায়ী স্থল অভিযান অনেকটাই থমকে আছে।

জেলেনস্কি বলেন, ‘আমেরিকানরা একটি প্রশ্ন তুলেছিল, যদি ইউক্রেন ন্যাটোতে যোগ দেয় তবে কেমন হয়? ইউক্রেন কি দনবাস থেকে সরে আসবে? এই প্রথমবারের মতো বিষয়টি তোলা হলো।’

তিনি জোর দিয়ে বলেন যে, ইউক্রেন কোনো ভূখণ্ড ছেড়ে দেবে না, তবে তিনি যদি একটি ‘ব্যাপক নিরাপত্তা প্যাকেজ’ পান—যার মধ্যে একটি শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনী এবং ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকবে—তাহলে তিনি জনগণের সামনে একটি প্রস্তাব রাখবেন।

তিনি বলেন, ‘আমেরিকান পক্ষ যদি অন্য ন্যাটো অংশীদারদের সাথে মিলে আমাদের কাছে ঠিক এই বিষয়টি নিশ্চিত করে, তবে আমি আমাদের ইউক্রেনীয় সমাজকে জিজ্ঞাসা করব তারা কী মনে করে। আমরা কি এটি গ্রহণ করব নাকি করব না? একা এই সিদ্ধান্ত নেয়ার অধিকার আমার নেই। তবে আমাদের সুনির্দিষ্ট তথ্য প্রয়োজন, যা আমাদের কাছে এখনো নেই।’

ইউক্রেনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম টেলর গণমাধ্যমকে বলেন, ‘শেষ পর্যন্ত ন্যাটোতে প্রবেশ করাটাই হতে পারে সেই নিরাপত্তা নিশ্চয়তা, যা যুদ্ধবিরতি মেনে নেয়ার জন্য ইউক্রেনের প্রয়োজন।’

তবে টেলর উল্লেখ করেন, এই প্রস্তাব দেয়ার এখতিয়ার পুরোপুরি ওয়াশিংটনের একার নয়। ন্যাটো জোটে নতুন কোনো দেশকে অন্তর্ভুক্ত করতে হলে অন্য সব সদস্য রাষ্ট্রের সর্বসম্মত সম্মতির প্রয়োজন হয়।

টেলর বলেন, ‘ন্যাটোর প্রতিটি সদস্য রাষ্ট্রেরই মতামত দেয়ার অধিকার আছে। বেশির ভাগই রাজি হবে। তবে ন্যাটোর এমন দু-একটি সদস্য রাষ্ট্র থাকতে পারে যারা রাজি হবে না। তাই এ মুহূর্তে এটি কোনো চূড়ান্ত প্রস্তাব নয়।’

শান্তিআলোচনায় কোনো অগ্রগতি হয়নি
মঙ্গলবার ও বুধবার আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তিআলোচনা অনুষ্ঠিত হয়েছে। ট্রাম্প প্রশাসনের দূত—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ—এই ত্রিপক্ষীয় আলোচনায় মধ্যস্থতা করেন। কয়েক মাসের মধ্যে উভয়পক্ষের অংশগ্রহণে এটিই ছিল প্রথম আলোচনা, যদিও কোনো বড় অগ্রগতি ছাড়াই তা শেষ হয়েছে।

এরপর কুশনার এবং উইটকফ জেলেনস্কি ও পুতিন উভয়ের সাথেই সাক্ষাৎ করেন।

এছাড়া শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে জেলেনস্কি প্রশ্ন তোলেন যে, ইউক্রেনের ‘স্টারশিল্ড’ সিস্টেম ব্যবহারের ওপর চলমান বিধিনিষেধের বিষয়ে ইলন মাস্কের স্পেসএক্স সত্য বলছে কি না। জেলেনস্কির মতে, সম্মুখসারিতে এবং রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোতে এখনো বিধিনিষেধ বহাল রয়েছে, যা ইউক্রেনীয় ড্রোন পরিচালনাকে প্রভাবিত করছে।

গত অক্টোবরে ইউক্রেনের এই সেবা ব্যবহারের ওপর থেকে আগের বিধিনিষেধ তুলে নেয়ার পর নতুন কোনো বিধিনিষেধ আরোপের কথা অস্বীকার করেছে স্পেসএক্স।

জেলেনস্কি বলেন, ‘বিধিনিষেধগুলো এখন পাঁচ দিন ধরে চলছে। তারা বলছে এটি কোনো এক ধরনের কারিগরি সমস্যা। আমরা বিশ্বাস করি না যে বিষয়টি তা-ই।’

জেলেনস্কি আরো বলেন, আবুধাবি আলোচনার সময় মার্কিন দল ইউরোপের জন্য একটি নতুন নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা করতে চেয়েছিল, যে ধারণাটিকে তিনি ইউরোপ ও বিশ্বে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের জন্য রাশিয়ার একটি কৌশল বলে ইঙ্গিত করেছেন। তিনি বলেন, ’আমি বিশ্বাস করি রুশরা সবার আগে ইউরোপে প্রভাব পুনর্বণ্টন করতে চায়।’

জেলেনস্কি বলেন, ‘একটি নতুন ইউরোপীয় নিরাপত্তা অবকাঠামোর ধারণা সম্ভাব্য বিপজ্জনক হতে পারে এবং প্রথমে যুদ্ধবিরতি ও পরে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধের অবসানের বিষয়ে সমঝোতা হওয়ার পরই কেবল এটি নিয়ে আলোচনা করা উচিত।’

ইউক্রেনের এ নেতা ভবিষ্যৎ শান্তিআলোচনায় ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার চুক্তিকে স্বাগত জানান। মার্কিন দূতরা এ পদক্ষেপের ঘোষণা দিয়েছেন, যদিও ক্রেমলিন এখনো ধারণাটিকে পুরোপুরি সমর্থন দেয়নি।

মস্কোর বিরোধিতার কারণে প্রায় দুই বছর ধরে ইউক্রেনের বৃহত্তম সমর্থক ইউরোপ শান্তিআলোচনায় কার্যত উপেক্ষিত ছিল।

জেলেনস্কি বলেন, ‘মূল বিষয় হলো ইউরোপ সেখানে থাকবে, এবং এখন ইউরোপকে সিদ্ধান্ত নিতে হবে এবং ঠিক কারা সেখানে থাকবেন সে বিষয়ে আমাদের সাথে একমত হতে হবে।’

সূত্র : সিএনএন