
কূটনৈতিক প্রতিবেদক
প্রধানমন্ত্রীর তারেক রহমানে সফরের ঠিক আগে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) নজরুল ইসলামকে প্রধানমন্ত্রীর সফরের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকির জন্য টোকিও পাঠানো হয়েছে। অর্পিত দায়িত্ব পালনের জন্য নজরুল ইসলাম গতকাল থেকে টোকিও অবস্থান করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, শীর্ষ পর্যায়ের সফরের আগে রাষ্ট্রদূতকে নিজ দেশে ফেরানোর ঘটনা বিরল। তবে কী কারণে দাউদ আলীকে ফেরানো হয়েছে তা পরিষ্কার নয়। প্রধানমন্ত্রীর সফরের পর তিনি জাপানে নিজ দায়িত্বে ফিরতে পারবেন কি নাÑ তা-ও নিশ্চিত নয়।
গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ডেকে পাঠানো হয়। এর দুই দিনের মধ্যে দাউদ আলী ঢাকায় ফিরে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। সফর নিয়ে আলোচনার জন্য দাউদ আলীকে ঢাকায় ডাকা হলেও এর প্রস্তুতিমূলক কাজে তাকে যুক্ত রাখা হয়নি।
ঘটনাপ্রবাহ সম্পর্কে অবগত একাধিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রদূতকে তার কর্মস্থল থেকে কার্যত প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় তিনি সেখানে উপস্থিত থাকবেন না। পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে প্রত্যাহার বা রাষ্ট্রদূত পদ থেকে অপসারণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। টোকিওতে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত ছাড়া বিভিন্ন পদে আরো সাতজন কর্মকর্তা রয়েছেন।
পেশাদার কূটনীতিক দাউদ আলী ১৫তম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের ডিসেম্বর থেকে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি রোমানিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি সমদূরবর্তী রাষ্ট্রদূত হিসাবে মলদোভা, উত্তর মেসিডোনিয়া ও বুলগেরিয়ার দায়িত্বও সামলেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালের মার্চে তিনি রোমানিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। এর আগে দাউদ আলী চীনের কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল এবং টোকিও, প্রিটোরিয়া ও লন্ডনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে তিনি কনস্যুলার অ্যান্ড ওয়েলফেয়ার অনুবিভাগের মহাপরিচালক ছিলেন। চলতি বছরের ৭ ডিসেম্বর তার অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








