
গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের নাশকতার অভিযোগে, কালিয়াকৈরের আটাবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি আব্দুল আলীমকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গাজীপুর মহানগর ডিবি পুলিশ এ তথ্য জানায়।
পুলিশের একটি সূত্র জানায়, কালিয়াকৈরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ ও সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী শ্রমিকের ছদ্মবেশে আন্দোলনে প্রবেশ করে ভাঙচুর ও সড়ক অবরোধের মতো কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এসব ঘটনায় আব্দুল আলীমের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে, গত শনিবার পোশাক শ্রমিকের পরিচয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ভাঙচুর চালিয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়। ওই ঘটনার পর পুলিশ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করে। শ্রমিক অসন্তোষকে পুঁজি করে কেউ পরিকল্পিতভাবে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কি না, তা নিয়েও তদন্ত চলছে।
উল্লেখ্য, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, সফিপুর ও মহানগরীর কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে। এসব ঘটনায় কয়েকটি কারখানায় ভাঙচুর ও উৎপাদন ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। শ্রমিক অসন্তোষের প্রভাবে ইতোমধ্যে শিল্পাঞ্চলের ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আরও প্রায় ৩০টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে শিল্পাঞ্চলে নাশকতা ও রাজনৈতিক ইন্ধনের অভিযোগ সামনে আসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও নজরদারি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








