লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার 
লালপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার চার আসামি। নয়া দিগন্ত

নাটোরের লালপুরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। 

Advertisement

রোববার (১৫ নভেম্বর) লালপুর থানার পুলিশ গ্রেফতার আসামিদের আদালতে পাঠায়।

পুলিশের অভিযানে গ্রেফতার আসামিরা হলেন, গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম মিজু (৩০), ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগ সদস্য মো: সম্রাট ইসলাম (৩৭), গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: নাদিম আলম (৩৪) ও গোপালপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: কেতাব আলীম মণ্ডল (৬০)। 

এর আগে, কয়েক দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে ওই দলের নেতাকর্মীদের মশাল মিছিল করতে দেখা। শনিবার উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও আবাসিক ভবনের দেয়ালে দলীয় স্লোগান লিখে রাখে নিষিদ্ধ এসব সংগঠনের নেতাকর্মীরা। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। সন্ত্রাসবিরোধী এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।