
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু চুরির সন্দেহে পিটুনিতে মো: আলম শেখ (৪১) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাতে হাসপাতালের শিশু ওয়ার্ড ও জরুরি বিভাগের সামনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মোস্তাফিজুর রহমান ওরফে অয়ন নামের এক যুবককে আটক করেছে শেরেবাংলা নগর থানা-পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত আলম শেখ রাজধানীর রূপনগরের টিনশেড এলাকায় বসবাস করতেন এবং তিনি আগে মস্তিষ্কে স্ট্রোকে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। বুধবার রাতে তিনি সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় চিকিৎসাধীন শিশুদের স্বজনরা তার হাসপাতালে আসার কারণ জানতে চান। আলম শেখ কোনো সদুত্তর দিতে না পারায় ক্ষুব্ধ স্বজনরা ও অজ্ঞাতপরিচয় কয়েকজন তাকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে আনেন এবং হাসপাতালের জরুরি বিভাগের সামনে বেধড়ক মারধর করে আহত অবস্থায় ফেলে রেখে চলে যান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ঘটনার বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) রিমন মিয়া জানান, হাসপাতাল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে ঘটনার সাথে জড়িত সন্দেহে মোস্তাফিজুর রহমান ওরফে অয়নকে আটক করা হয়েছে। আটক অয়নের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় হলেও তিনি বর্তমানে মিরপুর-১০-এর সেনপাড়া পর্বত এলাকায় থাকেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এ দিকে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাকের চাপায় মুরগিবাহী রিকশা-ভ্যান আরোহী শামীম (৩৫) নামের এক ব্যবসায়ী সহকারী নিহত হয়েছেন এবং ভ্যানচালক রাসেল (২০) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কাপ্তান বাজার থেকে মুরগি কিনে ব্যাটারিচালিত রিকশা-ভ্যানে করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ যাওয়ার পথে যাত্রাবাড়ী চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীমের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পূর্বটিয়াখালি গ্রামে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো: মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় আহত ভ্যানচালক রাসেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








