খুলনায় লংমার্চ প্রস্তুতি নিয়ে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ
খুলনা মহানগরীর পথসভাস্থল পরিদর্শন করেন অঞ্চল পরিচালক মোবারক হোসাইনসহ জামায়াত নেতারা : নয়া দিগন্ত।

খুলনা ব্যুরো

Advertisement

আগামী ৩১ অক্টোবরের লংমার্চকে সর্বাত্মকভাবে সফল করার জন্য জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী ও জেলা শাখার দায়িত্বশীলদের এক সমাবেশ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। নগরীর সোনাডাঙ্গার আল ফারুক সোসাইটি মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
 জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপির পরিচালনায় সমাবেশে আরো বক্তৃতা করেনÑ খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো: ইজ্জত উল্লাহ এমপি, টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি ও মাস্টার শফিকুল আলম, সিলেট মহানগরী আমীর মু. ফখরুল ইসলাম, নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু এমপি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, খুলনা মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম ও আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ও মহানগরী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান। সমাবেশে প্রধান অতিথি মোবারক হোসাইন মঞ্চ, ডেকোরেশন, সাউন্ড সিস্টেম, পরিবহন, আপ্যায়ন, মেহমান বিভাগ, প্রচার বিভাগ, আইটি বিভাগসহ বিভিন্ন বিভাগের সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। এর আগে তিনি কেন্দ্রীয় নেতারা, খুলনা মহানগরী ও জেলা নেতাকে সাথে নিয়ে মহানগরীর পথসভাস্থল পরিদর্শন করেন। 
মোবারক হোসাইন বলেন, দেশ ও জাতি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা আজ তাদের মৌলিক অধিকার ফিরে পাওয়ার জন্য প্রহর গুনছে। অন্যায়ের বিরুদ্ধে, শাসন-শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে দেশের মানুষ সোচ্চার ও ঐক্যবদ্ধ। রাজপথকে জনতার সমুদ্রে রূপান্তর করতে হবে। সকল বাধা-বিপত্তি অতিক্রম করে শৃঙ্খলার সাথে এই কর্মসূচি সফল করে জনগণ তাদের অধিকার আদায়ে আজ পুরোপুরি প্রস্তুত।