উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিনুকে ঢাকায় স্থানান্তর
চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হচ্ছে ভূমিমন্ত্রী মিনুকে : নয়া দিগন্ত।

অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ^বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে।
গতকাল সকাল ৮টা ২৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নেয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রামেক হাসপাতাল থেকে তাকে বিমানবন্দরে নিয়ে যান পবা-মোহনপুর আসনের এমপি শফিকুল হক মিলন। এ সময় তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানান।
শফিকুল হক মিলন বলেন, সম্প্রতি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে তাকে দেয়া ওষুধ ব্যবহারে সম্ভবত কোনো ত্রুটি-বিচ্যুতির কারণে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এ কারণে গত কয়েক দিন ধরে তাকে রক্ত দিতে হচ্ছিল। রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেণ করছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়।
তিনি আরো বলেন, দুই দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সময় অসুস্থতা সত্ত্বেও ভূমিমন্ত্রীকে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতে হয়েছিল। এতে তার শারীরিক পরিশ্রম হয়েছে। ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে শফিকুল হক মিলন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলবে।
গত বুধবার বেলা সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতার কারণে তাকে একাধিক ব্যাগ রক্ত দেয়া হয়। অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক নেতারা, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে দেখতে হাসপাতালে যান। এ সময় ভূমিমন্ত্রী নিজের সুস্থতার জন্য রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

Advertisement